সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ২৬ নভেম্বর ২০২৬
ঢাকা১৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৮৭%বাতাস ৫ কিমি/ঘ

মাঠভরা ধানেও কৃষকের ঘরে লোকসানের আঁধার

মাঠে ধানের ফলন ভালো, কৃষকের গোলায় উঠছে নতুন ফসল। অথচ সেই ধান বিক্রি করেই স্বস্তি ফিরছে না কৃষকের ঘরে। কয়েক মাসের পরিশ্রম, সার-বীজ, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতের খরচ বাদ দিলে লাভের হিসাব মিলছে না। কোথাও সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানের দাম কমেছে ৫০০ টাকারও বেশি। কোথাও উৎপাদন খরচের কাছা

মাঠে ধানের ফলন ভালো, কৃষকের গোলায় উঠছে নতুন ফসল। অথচ সেই ধান বিক্রি করেই স্বস্তি ফিরছে না কৃষকের ঘরে। কয়েক মাসের পরিশ্রম, সার-বীজ, কীটনাশক, সেচ, শ্রমিকের মজুরি ও জমি প্রস্তুতের খরচ বাদ দিলে লাভের হিসাব মিলছে না। কোথাও সপ্তাহের ব্যবধানে মণপ্রতি ধানের দাম কমেছে ৫০০ টাকারও বেশি। কোথাও উৎপাদন খরচের কাছাকাছি দামে বিক্রি করতে হচ্ছে নতুন ধান। অন্যদিকে ঋণ পরিশোধ ও পরবর্তী ফসল আবাদের তাগিদে ধান ধরে রাখারও সুযোগ নেই অনেকের।

উত্তরাঞ্চলের অন্যতম ধান উৎপাদনকারী জেলা বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় আমন মৌসুমের এমন চিত্র দেখা যাচ্ছে। বিশেষ করে জয়পুরহাটের কালাইয়ের পাঁচশিরা বাজারে নতুন ধানের সরবরাহ বাড়তেই দামে বড় ধরনের পতন হয়েছে। বগুড়ার শেরপুর ও ধুনটে উৎপাদন খরচ নিয়ে উদ্বেগ বাড়ছে। নওগাঁয় ভালো ফলনের প্রত্যাশা থাকলেও কৃষকরা ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কিত।

এ পরিস্থিতিতে সরকার প্রতি কেজি আমন ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ মণপ্রতি ১ হাজার ৪০০ টাকা। সেই হিসাবে কৃষকের লাভ হওয়ার কথা। কিন্তু স্থানীয় বাজারে ধানের দাম তার চেয়ে ২০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত কম। ফড়িয়াদের কারণে সরকারি সংগ্রহমূল্যের সুফল কতটা প্রকৃত কৃষকের হাতে পৌঁছাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জয়পুরহাটে সপ্তাহে কমেছে ৫০০

জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে নতুন আমন ধানের দাম দ্রুত কমছে। স্থানীয় বাজারের তথ্য অনুযায়ী, বর্তমানে মোটা জাতের আমন ধান প্রতি মণ বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ১০৮০ টাকায়। স্বর্ণা-৫ ধান ১১০০ থেকে ১১৫০ টাকা এবং ধানি গোল্ড ১০৮০ থেকে ১১০০ টাকায় কেনাবেচা হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও মোটা জাতের ধান মণপ্রতি ১৬০০ থেকে ১৬৫০ টাকায় বিক্রি হয়েছিল। সে হিসাবে বর্তমানে আমন ধানের দাম কমেছে মণপ্রতি প্রায় ৫২০ থেকে ৬০০ টাকা।

পুনটহাট এলাকার কৃষক আকরাম হোসেন বলেন, আগে মোটা জাতের ধান ১৫০০ থেকে ১৬০০ টাকা মণ দরে বিক্রি করতেন। এখন দাম নেমে এসেছে প্রায় ১১০০ টাকায়। উৎপাদন খরচ বাড়লেও বিক্রির সময় দাম কমে যাওয়ায় কৃষকরা বিপাকে পড়েছেন।

একই উপজেলার কৃষক ফজলুল হক এবার ২০ বিঘা জমিতে বিভিন্ন জাতের ধান আবাদ করেছেন। তার হিসাবে, বিঘাপ্রতি ফলন হয়েছে ১৪ থেকে ১৫ মণ। সব মিলিয়ে উৎপাদন হয়েছে ২৮০ থেকে ৩০০ মণ। জমি প্রস্তুত, পরিচর্যা, কাটা ও মাড়াই পর্যন্ত বিঘাপ্রতি খরচ হয়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা। মোট উৎপাদন ব্যয় দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ থেকে ৫ লাখ ২০ হাজার টাকা। ফজলুল হক বলেন, একমাত্র ধানই লাভজনক ছিল। এখন মনে হয় সেটাও গেল।

পাঁচশিরা বাজারের ব্যবসায়ী সাহেদ আলী বলেন, ধানের দানার মান, আর্দ্রতা ও শুকনো অবস্থার ওপর দাম নির্ভর করে। নতুন ধানের সরবরাহ বেড়ে যাওয়া এবং কিছু ধানের মান ভালো না হওয়ায় দাম কমেছে বলে মনে করেন তিনি।

বগুড়ায় ফলন ভালো, খরচও বেশি

বগুড়ার শেরপুর ও ধুনট উপজেলায় আমন ধান কাটা শুরু হয়েছে। শেরপুরে চলতি মৌসুমে ২২ হাজার ৪৬০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। কৃষকদের হিসাবে, সেখানে প্রতি বিঘায় উৎপাদন খরচ প্রায় ১১ থেকে ১৩ হাজার টাকা। বিঘাপ্রতি ১২ থেকে ১৫ মণ ফলন এবং মণপ্রতি ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দাম ধরলে মোট বিক্রয়মূল্য দাঁড়ায় ১৩ হাজার ২০০ থেকে ১৮ হাজার টাকা। তবে জমি ইজারা, পরিবারের শ্রম, পরিবহন ও অন্যান্য খরচ হিসাবের বাইরে থাকলে প্রকৃত লাভের চিত্র কিছুটা বাড়বে।

তবে ধুনটের কৃষকদের পরিস্থিতি আরও কঠিন। সেখানে বিঘাপ্রতি উৎপাদন খরচ ১৮ থেকে ২১ হাজার টাকা পর্যন্ত হচ্ছে বলে জানিয়েছেন অনেকে। শ্রমিকের মজুরি, সার ও ডিজেলচালিত কৃষিযন্ত্রের ব্যয় বৃদ্ধিকে এর কারণ হিসেবে দেখছেন তারা।

কৃষক রাগেবুল রহমান জানান, এর আগে আলু চাষে লোকসান হয়েছে। আমন ধানেও প্রত্যাশিত দাম না পেলে আর্থিক সংকট আরও বাড়বে।

নওগাঁয় ছয় লাখ টন চালের প্রত্যাশা

দেশের অন্যতম ধান উৎপাদনকারী জেলা নওগাঁয় চলতি মৌসুমে ১ লাখ ৯৬ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, হেক্টরপ্রতি গড় ফলন প্রায় ৫ দশমিক ৭৫ টন। এ থেকে প্রায় ছয় লাখ টন চাল পাওয়ার প্রত্যাশা রয়েছে। জেলায় ব্রি ধান-৪৯, ৮৬, ৯০, ৯৩, ৯৪, ৯৫, ১০৩, বিনা ধান-১৭ এবং স্বর্ণা-৫সহ বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে।

মহাদেবপুর উপজেলার বাগডোব গ্রামের কৃষক জিয়া মিয়া দুই বিঘা জমিতে স্বর্ণা-৫ জাতের আমন আবাদ করেছেন। তার হিসাবে, পোকামাকড় দমনে কীটনাশকে ছয় হাজার, সেচে ১০ হাজার এবং ধান কাটা-মাড়াইয়ে প্রায় আট হাজার টাকা ব্যয় হয়েছে। এর বাইরে সার, বীজ ও জমি প্রস্তুতের খরচ রয়েছে। প্রত্যাশিত ফলন বিঘাপ্রতি ২০ থেকে ২৫ মণ।

বদলগাছীর খলসী গ্রামের কৃষক বিধান জানান, পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করতে হয়েছে। এতে উৎপাদন খরচ বেড়েছে।

সরকারি দামের সুযোগ নিয়ে শঙ্কা

খাদ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরের আমন মৌসুমে সরকার প্রতি কেজি ৩৫ টাকা দরে তিন লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করবে। পাশাপাশি প্রতি কেজি ৪৯ টাকা দরে পাঁচ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা রয়েছে। সব মিলিয়ে সংগ্রহের লক্ষ্য ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন।

১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। কার্যক্রম চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ধান সরাসরি কৃষকদের কাছ থেকে এবং চাল মিলারদের কাছ থেকে সংগ্রহ করা হবে। সরকারি হিসাবে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪০০ টাকা। অথচ জয়পুরহাটে বর্তমানে মোটা ধানের দাম ১ হাজার ৫০ থেকে ১ হাজার ৮০ টাকা এবং বগুড়ায় ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা। অর্থাৎ সরকারি সংগ্রহমূল্যের সঙ্গে বাজারদরের ব্যবধান উল্লেখযোগ্য।

তবে সরকারি সংগ্রহের জন্য কৃষকের নিবন্ধন, নির্ধারিত মান ও আর্দ্রতার শর্ত এবং উপজেলা ভিত্তিক সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। ফলে সরকারি দাম নির্ধারিত থাকলেও প্রত্যেক কৃষক তার সব ধান ওই দামে বিক্রি করতে পারবেন, এমন নিশ্চয়তা নেই।

নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানান, সেচের ব্যয় বেড়ে যাওয়ায় ধানের সংগ্রহমূল্য কেজিপ্রতি এক টাকা বাড়ানোর বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে খাদ্য মন্ত্রণালয়ে মতামত দেওয়া হয়েছিল। তবে তা কার্যকর হয়নি।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার জানান, আমন ধান ও চাল সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়েছে। ভালো ফলনের কারণে কৃষকরা সরকার নির্ধারিত দামে ধান বিক্রি করে লাভবান হতে পারবেন।

ধান ধরে রাখার সুযোগ নেই

উত্তরাঞ্চলের অনেক কৃষক আমন কাটার পর একই জমিতে আলু, সরিষা, গম কিংবা শীতকালীন সবজি আবাদ করেন। নতুন ফসলের বীজ, সার, জমি প্রস্তুত ও শ্রমিকের খরচ জোগাতে তাদের দ্রুত নগদ অর্থ প্রয়োজন। অনেকে ঋণ নিয়ে ধান চাষ করায় ফসল ঘরে তোলার পরপরই ঋণ পরিশোধের চাপ থাকে। পাশাপাশি পর্যাপ্ত সংরক্ষণব্যবস্থা না থাকায় বাজারে দাম কমলেও অপেক্ষা করার সুযোগ পান না।

সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) বগুড়া জেলার সম্পাদক কেজিএম ফারুক বলেন, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি সংগ্রহ কার্যক্রম কতটা কার্যকর হচ্ছে, প্রকৃত কৃষকরা কতটা সরাসরি গুদামে ধান বিক্রি করতে পারছেন এবং বাজারে দরপতনের পেছনে কোনো অনিয়ম রয়েছে কি-না, তা যাচাই করা জরুরি।

তার মতে, শুধু সংগ্রহমূল্য ঘোষণা করলেই কৃষকের সমস্যার সমাধান হবে না। সংগ্রহকেন্দ্রে প্রকৃত কৃষকের প্রবেশাধিকার, দ্রুত ধান কেনা এবং সংরক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। কারণ ভালো ফলনের পরও উত্তরাঞ্চলের কৃষকরা এখন লাভের নিশ্চয়তা পাচ্ছেন না। নতুন ধান ঘরে তোলার আনন্দের সঙ্গে তাদের হিসাবের খাতায় যুক্ত হচ্ছে উৎপাদন খরচ, ঋণ পরিশোধ ও পরবর্তী ফসলের পুঁজি জোগাড়ের দুশ্চিন্তা।

সূত্র: জাগো নিউজ ২৪

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

আকভানের বৃষ্টিতে যশোরে প্রায় ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষকফসল

আকভানের বৃষ্টিতে যশোরে প্রায় ৪ হাজার হেক্টর ফসলের ক্ষতি, প্রণোদনা পাবেন ৯ হাজার কৃষক

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে যশোরে কেটে রাখা আমন, সরিষা ও শীতের সবজির ক্ষতি হয়েছে; কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে ৩ হাজার ৮৪৪ হেক্টর, ক্ষতিগ্রস্ত ৯ হাজার ধানচাষি বোরোতে প্রণোদনা পাবেন।

আর টিভি অনলাইন২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর কুষ্টিয়ায়, ৫ ডিসেম্বর গাইবান্ধায়এগ্রোবিজ

কৃষক কার্ডের দ্বিতীয় ধাপ ২ ডিসেম্বর কুষ্টিয়ায়, ৫ ডিসেম্বর গাইবান্ধায়

কৃষক কার্ড পাইলটিংয়ের দ্বিতীয় ধাপে ২ ডিসেম্বর কুষ্টিয়ায় এবং ৫ ডিসেম্বর গাইবান্ধায় উদ্বোধন হবে; খুলনা ও ঢাকা বিভাগের ২ লাখ ৬৯ হাজার এবং রংপুর বিভাগের ১ লাখ ৩৭ হাজার কৃষক জনপ্রতি বছরে ২,৫০০ টাকার উপকরণ সহায়তা পাবেন।

কৃষি সংবাদ২৬ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
১ লাখ ১০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার আমদানির অনুমোদনএগ্রোবিজ

১ লাখ ১০ হাজার টন ইউরিয়া ও পটাশ সার আমদানির অনুমোদন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি কানাডা থেকে ৪০ হাজার টন এমওপি এবং সৌদি আরবের সাবিক থেকে ৭০ হাজার টন দানাদার ইউরিয়া আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।

কৃষি সংবাদ২৬ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)