খেজুর, কমলা ও আপেলের আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আসন্ন রমজানে দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সরবরাহ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমদানিনির্ভর এসব ফলের শুল্ক কমানোর বিষয়ে কয়েক দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে এনবিআর জানায়, ২০২৭ সালের ১০ মার্চ পর্যন্ত খেজুরের আমদানি শুল্ক বিদ্যমান ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এতে খেজুরে মোট করভার ৪৮ শতাংশ থেকে কমে ২৫ শতাংশে নেমেছে।
আপেল ও কমলা আমদানিতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। পাশাপাশি সম্পূরক শুল্ক ও ভ্যাট ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা ২০২৭ সালের ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে। এই সিদ্ধান্তের ফলে আপেল ও কমলায় মোট শুল্ক-কর ১২১ শতাংশ থেকে কমে ৪৮ শতাংশ হবে। এনবিআর জানিয়েছে, নতুন শুল্কহার অবিলম্বে কার্যকর হবে।
এনবিআরের তথ্যানুযায়ী, ২০২০-২১ অর্থবছরে দেশে ২ লাখ ৬৭ হাজার টন আপেল আমদানি হয়েছিল। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ১ লাখ ৬২ হাজার টনে, যা এই সময়ের মধ্যে সর্বনিম্ন। ২০২৫-২৬ অর্থবছরে আমদানি কিছুটা বেড়ে ১ লাখ ৮১ হাজার টনে পৌঁছায়।
কমলার আমদানি গত ছয় অর্থবছরে ধারাবাহিকভাবে কমেছে। ২০২০-২১ অর্থবছরে ৩ লাখ ৩৩ হাজার টন কমলা আমদানি হয়েছিল; সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা নেমে এসেছে ১ লাখ ৫৪ হাজার টনে।
ছবি: Hans Hillewaert / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: দৈনিক বাংলা


মন্তব্য
(০)