ময়মনসিংহের দত্তের বাজারের শেষ প্রান্তে, পুরাতন ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে বসে মাছের হাট। ব্যবসায়ী ও ইজারাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবারের বড় হাটে এখানে গড়ে ৪০ মণের বেশি মাছ কেনাবেচা হয়। এর আর্থিক মূল্য ১০ লাখ টাকার বেশি।
খোলা আকাশের নিচে বসা এই হাটে দোকানের সংখ্যা ৪০টির বেশি। হাটে ওঠা মাছের বড় একটি অংশ আসে ব্রহ্মপুত্র নদ থেকে। এর বাইরে সামুদ্রিক মাছ, চাষের মাছ, দক্ষিণাঞ্চলের ঘেরের চিংড়ি ও ইলিশসহ প্রায় সব প্রজাতির মাছ পাওয়া যায়। কোনো দোকানে দেশি ট্যাংরা, কোথাও বড় হাঁড়িতে জীবন্ত কই, কারও ডালায় নদীর বড় পাঙাশ।
দীর্ঘদিন ধরে এই হাটে মাছের ব্যবসা করেন আনোয়ার হোসেন (৬০)। তিনি বলেন, ‘হাটের দিন সকালে সরাসরি জেলেদের কাছ থেকে মাছ কিনি, আর বেলা ৩টা থেকে রাত ৯-১০টা পর্যন্ত বিক্রি করি।’ তাঁর ভাষ্য, বড় বাজারে পাওয়া যায় না এমন অনেক মাছও এখানে মেলে, এমনকি বড় আকারের ইলিশও।
মাছের হাটের ঠিক পেছনে টিনের শেডের নিচে বসে শুঁটকির হাট। লইট্টা, চিংড়ি, রুপচাঁদা, মলা, কাঁচকিসহ মিঠা ও নোনাপানির নানা প্রজাতির শুঁটকি পাওয়া যায় সেখানে। শুঁটকি ব্যবসায়ী নজরুল ইসলাম জানান, হাটে শুঁটকির দোকান ১২টি। ব্যবসায়ীরা জানান, বেশির ভাগ শুঁটকি আসে কাপ্তাই ও দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো থেকে, আর সামুদ্রিক মাছের শুঁটকির চাহিদাই সবচেয়ে বেশি। হাটের আড়তগুলোতে প্রতি হাটবারে দেড় থেকে দুই লাখ টাকার বেশি শুঁটকি বিক্রি হয়।
একাধিক ব্যবসায়ীর অভিযোগ, মাছের হাটের জন্য কোনো স্থায়ী শেড নেই। ফলে রোদ-বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ায় তাঁদের দুর্ভোগ পোহাতে হয়। তাঁরা মনে করেন, স্থানীয় প্রশাসনের উদ্যোগে একটি স্থায়ী শেড নির্মাণ করা হলে ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হবেন এবং ব্যবসার পরিধি বাড়বে।
প্রতিবেদন: নিজস্ব প্রতিবেদক, প্রথম আলো।
সূত্র: প্রথম আলো




মন্তব্য
(০)