সরকারি তালিকায় ময়মনসিংহ বিভাগে নদ-নদীর সংখ্যা ১৭৯টি, কিন্তু এর বেশির ভাগই এখন মৃতপ্রায়। কোথাও পানি কালো, কোথাও রাসায়নিক বর্জ্যে রং বদলে গেছে, কোথাও আবর্জনা জমেছে বা নাব্যতা হারিয়ে জেগেছে বালুচর। এর প্রভাব পড়ছে কৃষি, মৎস্যসম্পদ, জনস্বাস্থ্য ও ভূগর্ভস্থ পানিতে।
ভালুকার হবিরবাড়ী এলাকায় লাউতি খালের পানি এখন কালো, যা গিয়ে মিশছে খিরু নদে। স্থানীয়দের অভিযোগ, খালের পাশে গেলেই তীব্র রাসায়নিক গন্ধ পাওয়া যায়। শিল্পাঞ্চল ঘেঁষা এই খালের পানিতেই অনেকে চাষাবাদ করছেন, কারণ বিকল্প সেচ ব্যয়বহুল। ত্রিশালের বানার নদের পানিও কখনো সাদা, কখনো নীল হয়ে যায় বলে স্থানীয়দের দাবি।
২০২৪ সালের ২৭ অক্টোবর বিভাগীয় প্রশাসনের মাধ্যমে জাতীয় নদী রক্ষা কমিশনে পাঠানো তালিকায় নেত্রকোনায় ৯৪টি, ময়মনসিংহে ৫৯টি, জামালপুরে ১৫টি ও শেরপুরে ১১টি নদ-নদীর নাম আছে।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) মাঠপর্যায়ের গবেষণায় বিভাগের ৯টি নদীকে সবচেয়ে সংকটাপন্ন বলা হয়েছে: ব্রহ্মপুত্র, সোমেশ্বরী, মহাদেও, সুতিয়া, সুতিখালী, খিরু, বানার, আইমান ও মগড়া।
একসময় খিরু, বানার ও সুতিয়া ছিল স্থানীয় জেলেদের জীবিকার প্রধান উৎস। নদী মরে গেলে শুধু মাছ ধরা নয়, সেচের পানি আর নদীনির্ভর হাটবাজার ও নৌপথও হারায় এ অঞ্চলের কৃষক।
প্রতিবেদনটি কৃষি সময়ের ময়মনসিংহ সংবাদদাতার।
ছবি: Ibrahim Husain Meraj / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)