মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক প্রশস্ত করতে কাটা হয়েছিল দুই হাজারের বেশি শতবর্ষী গাছ। পরিবেশের ক্ষতি পুষিয়ে নিতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ৭১ হাজার নতুন গাছ লাগানোর। এজন্য বরাদ্দ হয় ৭৫ লাখ ৪৩ হাজার টাকা। কিন্তু প্রকল্পের মেয়াদ পেরিয়ে গেলেও লক্ষ্যমাত্রার মাত্র ১০ শতাংশ গাছ রোপণ করা হয়েছে। বাকি ৯০ শতাংশ গাছ কোথায়, আর যে বিপুল অর্থ বরাদ্দ করা হয়েছিল, তার কতটুকু কীভাবে ব্যয় হয়েছে- এসব প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে মেহেরপুরজুড়ে।
এক সময় মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক ছিল ছায়াঘেরা সবুজের এক অনন্য পথ। সড়কের দুই পাশে সারি সারি শতবর্ষী ফলদ, বনজ ও ঔষধি গাছ পথচারী ও যাত্রীদের স্বস্তি দিত। শুধু সৌন্দর্যই নয়, এসব গাছ ছিল এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। পাখির আবাসস্থল, পথচারীদের বিশ্রামের জায়গা এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়ও ছিল গাছগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা।
কিন্তু ২০২৩ সালে মহাসড়কের ২৭ কিলোমিটার অংশ প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হলে সড়কের দুই পাশের দুই হাজারের বেশি গাছ কেটে ফেলা হয়। তখন বলা হয়েছিল, সড়ক নির্মাণের কাজ শেষ হওয়ার এক বছরের মধ্যে নতুন করে বনায়ন করা হবে। লাগানো হবে বিভিন্ন প্রজাতির ৭১ হাজার গাছের চারা। সেই প্রতিশ্রুতিতে আশাবাদী হয়েছিলেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা।
কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও সেই প্রতিশ্রুতির প্রতিফলন দেখা যাচ্ছে না সড়কের দুই পাশে। নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ৭১ হাজার গাছের পরিবর্তে রোপণ করা হয়েছে মাত্র ৭ হাজার ১০০টি। অর্থাৎ ৬৩ হাজার ৯০০টি গাছ রোপণের লক্ষ্য পূরণ হয়নি। শতবর্ষী গাছ হারিয়ে সড়কের দুই পাশ এখন অনেকটাই বিরান। কোথাও কোথাও কিছু নতুন চারা দেখা গেলেও অধিকাংশ জায়গায় নেই পরিকল্পিত বনায়নের চিহ্ন।
স্থানীয়দের অভিযোগ, পুরোনো গাছ কাটার সময় উন্নয়ন ও পরিবেশের ক্ষতি পুষিয়ে নেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল, তা বাস্তবে রক্ষা করা হয়নি। নতুন গাছ লাগানোর নামে বিপুল অর্থ বরাদ্দ হলেও সড়কের পাশে তার দৃশ্যমান প্রতিফলন নেই। তাদের প্রশ্ন, এত বড় একটি বনায়ন কর্মসূচির তদারকি কোথায় ছিল? নির্ধারিত সংখ্যক গাছ রোপণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে?
মেহেরপুর সদর উপজেলার স্থানীয় বাসিন্দা শামীম রেজা জানান, আগে এই সড়ক দিয়ে চলাচল করলে দুই পাশে গাছের ছায়া পাওয়া যেত। এখন গাছ কেটে ফেলার পর রোদে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। নতুন গাছ লাগানোর কথা শুনেছিলাম, কিন্তু সেভাবে গাছ চোখে পড়ে না। গাছ লাগানোর কথা থাকলেও বাস্তবে কেন লাগানো হলো না, তা আমাদের বোধগম্য নয়।
মেহেরপুর সদর উপজেলার আরেক বাসিন্দা শাহিনুর রহমান জানান, উন্নয়নের প্রয়োজনে পুরোনো গাছ কাটা হয়েছে, সেটি মেনে নিয়েছি। কিন্তু নতুন গাছ লাগিয়ে সেই ক্ষতি পূরণের কথা ছিল। কয়েক বছর পেরিয়ে গেলেও গাছের দেখা নেই। বরাদ্দের টাকা খরচ হলে তার হিসাবও জনগণের সামনে প্রকাশ করা উচিত।
পথচারী হাবিবুর রহমান জানান, আগে সড়কের পাশে বড় বড় গাছ থাকায় যাত্রী ও পথচারীরা ছায়ায় দাঁড়াতে পারতেন। এখন গরমের সময় সড়ক দিয়ে চলাচল করতে অনেক কষ্ট হয়। নতুন গাছ লাগানো হলেও সেগুলোর পরিচর্যা ও সুরক্ষার ব্যবস্থা নেই। শুধু চারা রোপণ করলেই হবে না, গাছগুলো বাঁচিয়ে রাখার ব্যবস্থাও করতে হবে।
মেহেরপুর সদর উপজেলার আরেক স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান জানান, সরকারি অর্থে বনায়নের প্রকল্প নেওয়া হলে সেখানে কতটি গাছ লাগানো হয়েছে, কতটি টিকে আছে এবং কত টাকা ব্যয় হয়েছে, তার হিসাব প্রকাশ করা দরকার। গাছের সংখ্যা ও বরাদ্দের অর্থ নিয়ে যে প্রশ্ন তৈরি হয়েছে, তার সঠিক জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই দিতে হবে।
পরিবেশবিদদের মতে, বড় গাছের পরিবেশগত উপকারিতা একটি ছোট চারার মাধ্যমে তাৎক্ষণিকভাবে পূরণ করা সম্ভব নয়। একটি শতবর্ষী গাছ বহু বছর ধরে কার্বন শোষণ, অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং পাখি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল তৈরিতে ভূমিকা রাখে। তাই পুরোনো গাছ কাটার পর নতুন গাছ লাগানো হলেও সেগুলো বড় হয়ে পরিবেশগত সুবিধা দিতে দীর্ঘ সময় প্রয়োজন।
পরিবেশবিদ মাসুদ রেজা বলেন, গাছের এই ঘাটতি দ্রুত পূরণ করা সম্ভব না হলে এ অঞ্চলের পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্যের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। পুরোনো গাছের বিকল্প হিসেবে শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
আরেক পরিবেশবিদ এনামুল আযিম বলেন, সড়ক উন্নয়নের নামে নির্বিচারে গাছ কেটে ফেলার পর বনায়নের যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোন প্রজাতির কতটি গাছ লাগানো হয়েছে, কোথায় লাগানো হয়েছে এবং বর্তমানে কতটি গাছ জীবিত রয়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা উচিত। পাশাপাশি পরিবেশগত ক্ষতি পুষিয়ে নিতে স্থানীয় জলবায়ু ও মাটির উপযোগী দেশীয় প্রজাতির গাছ লাগানোর ওপর গুরুত্ব দিতে হবে।
এদিকে বনায়ন কর্মসূচির জন্য রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের হিসাবেও রয়েছে বড় অঙ্কের হেরফের। সড়কের পাশে নতুন গাছ রোপণের জন্য ব্যয় দেখানো হয়েছে ৩৮ লাখ ৮২ হাজার টাকা। আর সার, বেড়া ও রক্ষণাবেক্ষণের জন্য ব্যয় হয়েছে ৩৬ লাখ ৬০ হাজার ৭০০ টাকা। সব মিলিয়ে ব্যয় দেখানো হয়েছে ৭৫ লাখ ৪২ হাজার ৭০০ টাকা। অথচ নির্ধারিত ৭১ হাজার গাছের বিপরীতে রোপণ করা হয়েছে মাত্র ৭ হাজার ১০০টি। ফলে গাছ রোপণ ও অর্থ ব্যয়ের মধ্যে সামঞ্জস্য নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঠিকাদারকে নামমাত্র জরিমানা করেই দায় শেষ করার চেষ্টা করেছে সড়ক বিভাগ।
এ বিষয়ে মেহেরপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান বলেন, মহাসড়কের পাশে রোপণ করা চারার একটি অংশ ছাগল ও গরুর অবাধ বিচরণের কারণে নষ্ট হয়েছে। এছাড়া দীর্ঘদিনের খরা ও প্রতিকূল আবহাওয়ার কারণেও কিছু চারা মারা গেছে। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বর্তমানে গাছের সংখ্যা অনেক কম রয়েছে, বিষয়টি আমরা অবগত আছি। বনায়ন কর্মসূচির আওতায় চারা রোপণ, বেড়া নির্মাণ ও পরিচর্যার জন্য বরাদ্দ অনুযায়ী অর্থ ব্যয় করা হয়েছে। যেসব চারা নষ্ট হয়েছে, সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।




মন্তব্য
(০)