রমজানকেন্দ্রিক নয়, সারা বছর নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপস্থাপনায় জানানো হয়, গত বছরের তুলনায় মসুর ডাল ও ভোজ্যতেলের কাঁচামালের আমদানি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কমিশনের তথ্য অনুযায়ী, দেশে মসুর ডালের বার্ষিক চাহিদা প্রায় সাত লাখ মেট্রিক টন। গত বছরের ১ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৪২ হাজার মেট্রিক টন মসুর ডাল আমদানি হয়েছিল; চলতি বছরের একই সময়ে তা বেড়ে এক লাখ ৬ হাজার মেট্রিক টনে পৌঁছেছে।
ভোজ্যতেলের কাঁচামালের ক্ষেত্রে গত বছরের একই সময়ে দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন আমদানি হলেও এবার তা বেড়ে তিন লাখ ৮৬ হাজার মেট্রিক টনে দাঁড়িয়েছে।
আমদানির এই ধারা আগামী মাসগুলোর সরবরাহ পরিস্থিতিকে ইতিবাচক রাখবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
ডাল ও তেলের দাম স্থির থাকলে ডাল-চাষি ও তেলবীজ চাষির জন্য দেশীয় বাজারদরও পূর্বানুমেয় হয়, যা রবি মৌসুমের আবাদ পরিকল্পনায় সহায়ক।
সূত্র: রাইজিংবিডি





মন্তব্য
(০)