লালমনিরহাট সদরের ঐতিহ্যবাহী বড়বাড়ী কলার হাটে প্রতি সপ্তাহে কোটি টাকার কলা বেচাকেনা হয়। হাট বসে শনি ও বুধবার। ব্যবসায়ীদের হিসাবে, বুধবারের বড় হাটে প্রায় ১২ হাজার এবং শনিবার প্রায় ৮ হাজার কাঁদি কলা বিক্রি হয়, অর্থাৎ সপ্তাহে অন্তত ২০ হাজার কাঁদি।
লালমনিরহাটের বিভিন্ন এলাকা ছাড়াও কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী, রাজারহাট এবং রংপুরের কাউনিয়া থেকে কৃষক ও ব্যবসায়ীরা এখানে কলা আনেন। সাধারণত ১০০ কাঁদি একসঙ্গে বিক্রি হয়, আর ব্যাপারীদের মাধ্যমে তা যায় ঢাকাসহ দেশের নানা জায়গায়। জেলায় ২০২৫-২৬ অর্থবছরে কলার আবাদ হয়েছে ১২৩ হেক্টরে।
জাত, মান ও আকারভেদে কাঁদিপ্রতি সাগর কলা ২০০ থেকে ৪৫০ টাকা, মালভোগ ২৫০ থেকে ৮০০ টাকা, চিনি চম্পা ২০০ থেকে ৪৫০ টাকা এবং মনুয়া ২০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
রাজারহাটের চাষি জলিল উদ্দিন (৪৬) বলেন, আড়াই বিঘায় সাগর কলার ফলন ভালো হলেও কাঁদি বেচতে হয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকায়; হাটে হালি ১০ থেকে ১৫ টাকা হলেও খুচরা বাজারে তা ২০ থেকে ৪০ টাকা। ফুলবাড়ীর আলেফ উদ্দিন (৫০) জানান, বিঘায় বছরে খরচ ২০ থেকে ২৫ হাজার টাকা, বাজার ভালো থাকলে প্রায় লাখ টাকার কলা বিক্রি হয়। ব্যবসায়ী নাজমুল হোসেন বলেন, বাইরের পাইকার বাড়লে প্রতিযোগিতা হবে এবং কৃষক ভালো দাম পাবেন।
প্রতিবেদনটি পাঠিয়েছেন কৃষি সময়ের লালমনিরহাট সংবাদদাতা।
ছবি: Kritzolina / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)