খুলনা সিটি করপোরেশন ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ উদ্যোগে নগরের সোনাডাঙ্গা সোলার পার্ক ও লিনিয়ার পার্কে 'বিকাশ বন' বনায়ন কর্মসূচি শুরু হয়েছে। ধারাবাহিকভাবে এ কর্মসূচিতে খুলনায় ২৫ হাজার গাছ লাগানো হবে।
গত শনিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোলার পার্ক এলাকায় গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব আহমেদ, খুলনা বিভাগীয় বন সংরক্ষক ইমরান আহমেদ ও বিকাশের রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান হুমায়ুন কবির।
আয়োজকেরা জানান, বিকাশ অ্যাপে ইউটিলিটি বিল পরিশোধ, ডিপিএস খোলা, অ্যাড মানি, ঋণ নেওয়া, মোবাইল রিচার্জ ও সেন্ড মানির মতো নির্ধারিত লেনদেনে গ্রাহক 'গ্রিন পয়েন্ট' পাবেন। পয়েন্ট জমলে অ্যাপের 'বিকাশ বন'-এ থাকা ভার্চ্যুয়াল চারা ধীরে ধীরে বড় হবে, আর নির্ধারিত পয়েন্ট পূরণ হলে সেই গাছের বিপরীতে বাস্তবে একটি গাছ লাগাবে বিকাশ। পরে অ্যাপ থেকেই গাছটির হালনাগাদ তথ্য দেখা যাবে।
প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, কর্মসূচির আওতায় গাছ লাগানোর পাশাপাশি রক্ষণাবেক্ষণও করা হবে; কোথায় কোন জাতের গাছ লাগানো হবে এবং তার পরিচর্যা কীভাবে হবে, সেদিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারের পাশাপাশি ব্যক্তি ও সংগঠন যাতে গাছ লাগানোর উদ্যোগ নেয়, মন্ত্রণালয় সে বিষয়ে কাজ করছে বলে জানান তিনি।
সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম বলেন, খুলনাসহ পুরো দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে রয়েছে। সুন্দরবন শুধু অক্সিজেন দেয় না, ঝড়-জলোচ্ছ্বাস থেকেও জানমাল রক্ষা করে, তাই উপকূলজুড়ে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে। অন্য প্রতিষ্ঠানও এ ধরনের বনায়নে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)