পটুয়াখালীর কলাপাড়ার এমইউ বিদ্যালয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রায় অর্ধশত ছাত্রী, শিক্ষক ও কর্মচারী অসুস্থ হয়ে পড়েছেন। সন্ধ্যা সাতটা পর্যন্ত তাঁদের ২৯ জনকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়; অন্যদের পাশের আমতলী হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
দুপুরে টিফিনের সময় দশম শ্রেণির এক ছাত্রীর প্রথমে খিঁচুনি ও শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর ওই শ্রেণির অন্য ছাত্রীরা এবং একে একে নবম, অষ্টম, সপ্তম ও ষষ্ঠ শ্রেণির ছাত্রীদের মধ্যেও একই লক্ষণ দেখা দেয়। অসুস্থ ছাত্রীরা জানান, হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয়, তারপর খিঁচুনি ওঠে, হাত-পা নাড়াতে পারছিলেন না।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, আক্রান্তরা হিস্টেরিয়া বা মানসিক রোগজনিত সমস্যায় ভুগছেন এবং তাঁদের গুরুত্ব দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিক্ষক, এলাকাবাসী ও অভিভাবকদের হিসাবে ৫০ থেকে ৬০ জন অসুস্থ হয়ে পড়েন; তাঁদের অটোরিকশা, টমটম ও সিএনজিতে করে হাসপাতালে নেওয়া হয়। অনেক ছাত্রী বাড়ি ফিরেও অসুস্থ হয়ে পড়ে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা হাসপাতালে গিয়ে শয্যা, ওষুধ ও সার্বক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করেন।
সূত্র: একাত্তর টিভি


মন্তব্য
(০)