জয়পুরহাটে অসময়ের বৃষ্টিতে এবার আমনের ফলন তুলনামূলক কম হয়েছে। আলু লাগানোর জন্য জমি খালি করতে চাষিরা এখন ধান বিক্রিতে ব্যস্ত, আর হাটে হঠাৎ ধান বেশি ওঠায় দাম পড়ে গেছে। চাষিদের অভিযোগ, ব্যবসায়ীদের কারসাজিতে দর কমানো হয়েছে।
জেলার সবচেয়ে বড় ধানচালের আড়ত পাঁচশিরা হাটে ১৬ নভেম্বর সকালে মোটা জাতের মামুন, ব্রি ধান২৯ ও ৪৯ বিক্রি হয়েছে মণপ্রতি ১,১২০ থেকে ১,১৩০ টাকায়। তিন দিন আগেও এসব ধান ১,৬০০ থেকে ১,৬৫০ টাকায় বিকিয়েছে। চিকন কাটারি ও নাজিরশাইলের দর ২,১৫০-২,২০০ টাকা থেকে নেমে ১,৫৮০-১,৬৫০ টাকা হয়েছে; তবে সুগন্ধি ধানের দাম কমেনি।
চাষিরা জানান, বিঘায় সব মিলিয়ে খরচ পড়েছে ২৫ থেকে ২৬ হাজার টাকা, আর ধান বেচে মিলছে ২৩ থেকে সাড়ে ২৩ হাজার টাকা। কালাইয়ের ধুনট গ্রামের মোজাহার আলী বলেন, বৃষ্টি আর পচন রোগে মোটা ধান বিঘায় ১৪-১৫ মণ হয়েছে; তিন দিনের ব্যবধানে দুই ভ্যান ধানে তিনি আট হাজার টাকা কম পেয়েছেন। বগুড়ার সোনাতলার সুপন মণ্ডল তিন বিঘায় ৩৫ হাজার টাকার বেশি লোকসানের কথা জানিয়ে বলেন, এবার আলু লাগাবেন কি না ভাবছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবার জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ৭০ হাজার হেক্টর, উৎপাদনের লক্ষ্য ৩ লাখ ৩৫ হাজার টন। বিঘায় ফলন হয়েছে মোটা জাতে ১৪-১৫ মণ, চিকন জাতে ১২-১৩ মণ, যা গত বছরের চেয়ে কিছুটা কম।
পাঁচশিরার মোল্লা চালকলের মালিক ওবাইদুর রহমান মোল্লা বলেন, দানা ভালো হলে দাম বেশি হয়, এখন ওঠা অনেক ধানের দানা চিকন বলে দাম কম; কারসাজির অভিযোগ তিনি অস্বীকার করেন। জেলা কৃষি বিপণন কর্মকর্তা মেহেদী হাসান বলেন, সরকারের বেঁধে দেওয়া দরের তুলনায় বাজার এত কম হওয়ার কথা নয়; এর পেছনে কিছু আছে কি না খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: Balaram Mahalder / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: সমকাল





মন্তব্য
(০)