সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, গাইবান্ধা ও জামালপুর জেলার এসব মানুষকে নিয়ে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে এই দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম। আগামী দুই বছর এটি চলবে। এ সময়ে নির্ধারিত সূচক অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বিমার আওতাভুক্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়া হবে।
সোমবার (১৬ নভেম্বর) 'শিখন ও অভিজ্ঞতা বিনিময় কর্মশালা: দুর্যোগ ঝুঁকি অর্থায়ন ও প্যারামেট্রিক ইন্স্যুরেন্স' শীর্ষক অনুষ্ঠানে এসব তথ্য জানান যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১-এর দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কম্পোনেন্টের প্রকল্প পরিচালক কামরুল হক মারুফ। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে অনুষ্ঠানটি হয়।
সভাপতির বক্তব্যে কামরুল হক মারুফ উল্লেখ করেন, বাংলাদেশ দুর্যোগপ্রবণ দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হয়। এত দিন দুর্যোগ মোকাবিলায় মূলত ত্রাণ, উদ্ধার, জরুরি সাড়াদান ও পুনর্বাসন কার্যক্রমের ওপর নির্ভর করা হয়েছে। তবে প্রচলিত এই ব্যবস্থার বাইরে এসে দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় আধুনিক অর্থায়ন পদ্ধতি চালু করা প্রয়োজন। সেই লক্ষ্যেই দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম নেওয়া হয়েছে।
তিনি বলেন, 'দুর্যোগ ঝুঁকি অর্থায়ন এবং প্যারামেট্রিক ইনস্যুরেন্স দুটিই আমাদের জন্য অনেকটা নতুন। এই ধারণা সবার মধ্যে ছড়িয়ে দিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা নিজেরাও বিষয়টি শিখছি। একই সঙ্গে আমাদের অর্জিত অভিজ্ঞতা ও কার্যক্রম গণমাধ্যমের সঙ্গে ভাগাভাগি করতে চাই।'
প্রকল্প পরিচালক জানান, যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের একাধিক কম্পোনেন্ট বা অংশ রয়েছে। এর মধ্যে প্রথম অংশ বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। তারা গাইবান্ধা এলাকায় যমুনা নদীর তীর সংরক্ষণে গ্রোয়েন নির্মাণসহ অবকাঠামোগত কাজ করছে। আরেকটি অংশ বাস্তবায়ন করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তারা নদীর চ্যানেল নিয়ে কাজ করবে। তৃতীয় অংশের আওতায় দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, যমুনা নদীর পানি বেড়ে গেলে তীরবর্তী চার জেলার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হন। এসব মানুষের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্যারামেট্রিক ইনস্যুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ পদ্ধতিতে নির্ধারিত কিছু সূচক বা প্যারামিটারের ভিত্তিতে দুর্যোগের পরিস্থিতি বিবেচনা করে বিমার সুবিধা দেওয়া হবে।
প্রকল্প পরিচালকের তথ্য অনুযায়ী, প্রকল্পটির মেয়াদ তিন বছর। এর আওতায় তিনটি বন্যা মৌসুম কাভার করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে প্রথম বছরের কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রথম বছর প্যারামেট্রিক ইনস্যুরেন্স পণ্য ডিজাইন করা হয়েছে। সরকারি প্রকল্প হওয়ায় এ বিমার ইনস্যুরার হিসেবে দায়িত্ব পালন করছে সাধারণ বীমা করপোরেশন।
তিনি জানান, প্রথম বছরের জন্য জুন থেকে সেপ্টেম্বর চার মাসের বন্যা মৌসুম বিবেচনায় চার জেলার এক লাখ উপকারভোগী নির্বাচন করে বিমার আওতায় আনা হয়েছিল। এ বছর নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বড় ধরনের বন্যা না হওয়ায় বিমার শর্ত পূরণ হয়নি। ফলে কাউকে বিমার আওতায় আর্থিক সহায়তা দিতে হয়নি।
তিনি আরও বলেন, 'এ বছর আমাদের যে প্যারামিটার ছিল, সেই অনুযায়ী বন্যা হলে তারা বিমা থেকে সুবিধা পেতেন। কিন্তু বড় ধরনের বন্যা হয়নি। ফলে আমাদের ইনস্যুরেন্স প্রোডাক্টটি ট্রিগার করেনি। প্রকল্পের আরও দুই বছর বাকি রয়েছে। এ সময়ে নির্ধারিত প্যারামিটার অনুযায়ী বড় ধরনের বন্যা হলে বিমার আওতাভুক্ত উপকারভোগীরা আর্থিক সহায়তা পাবেন। দ্বিতীয় বছরের জন্য নতুন করে বিমা পণ্য ডিজাইনের কাজও চলমান রয়েছে।'
কামরুল হক মারুফ জানান, চার জেলার বিপুলসংখ্যক মানুষ বন্যার ঝুঁকিতে থাকলেও সীমিত সম্পদের কারণে প্রাথমিকভাবে এক লাখ মানুষকে বিমার আওতায় আনা হয়েছে। তবে এই উদ্যোগ দীর্ঘমেয়াদে টেকসই করতে উপকারভোগীর সংখ্যা ও ভৌগোলিক পরিধি বাড়াতে হবে। ভবিষ্যতে যমুনা নদী অববাহিকার আরও এলাকা এবং প্রয়োজনে দেশের অন্যান্য দুর্যোগপ্রবণ এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
প্রকল্প পরিচালক বলেন, 'কেবল এক লাখ মানুষকে বিমার আওতায় নিয়ে এ ধরনের প্রোডাক্ট টেকসই করা সম্ভব হবে না। আমাদের এর পরিধি বাড়াতে হবে। উপকারভোগীর সংখ্যা ও এলাকা দুই দিক থেকেই কাভারেজ বাড়ানো প্রয়োজন।'
এ জন্য জনসচেতনতা ও প্রচারণার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুর্যোগ ঝুঁকি অর্থায়ন কার্যক্রমের সুবিধা, কারা এর উপকারভোগী এবং কীভাবে ক্ষতিগ্রস্ত মানুষ সহায়তা পাবেন এসব তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম সহযোগিতা করলে ভবিষ্যতে কার্যক্রমের পরিধি বাড়ানো সম্ভব হবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ উপকৃত হবেন।
কর্মশালায় প্রকল্পের কারিগরি বিষয়, প্যারামেট্রিক ইনস্যুরেন্সের কার্যপদ্ধতি, উপকারভোগী নির্বাচন ও সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্স্যুর্যান্স রিপোর্টার্স ফোরামের (আইআরএফ) সভাপতি গোলাম মাওলা ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিআরএর পরামর্শক (জনসংযোগ) সাদিক আরমান।




মন্তব্য
(০)