ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের ধারণা, সম্ভাবনা ও বাংলাদেশে এর প্রয়োগ নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’। শনিবার তোপখানা রোডের ডিসিসি হলে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য পৃষ্ঠপোষক ছিল অভিযাত্রিক ফাউন্ডেশন; স্পনসর ইনোভা ইন্টারন্যাশনাল ও এএনএফ কনসালটেন্সি।
আলোচক ছিলেন মুফতি উবায়দুর রহমান হাম্মাদ, মুফতি লুকমান হাসান, মাওলানা ফাহিম ফয়সাল আল মাসউদ ও সাদিকুর রহমান। তাঁরা ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের মৌলিক ধারণা, প্রয়োজনীয়তা এবং সমাজ ও অর্থনীতিতে এর ভূমিকা তুলে ধরেন।
বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে যাকাত, ওয়াকফ, সদাকাহ ও করজে হাসানার মতো উপকরণ কার্যকর ভূমিকা রাখতে পারে, যদি সেগুলোকে পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিকভাবে কাজে লাগানো যায়।
বৈশ্বিক পরিসরে এ খাতের নানা উদ্যোগ এবং বাংলাদেশে একে আরও প্রাতিষ্ঠানিক করতে প্রয়োজনীয় কাঠামো, কার্যপদ্ধতি ও সম্ভাব্য রূপরেখা নিয়েও আলোচনা হয়।
মিট-আপের গুরুত্বপূর্ণ বিষয় ছিল জবাবদিহি, স্বচ্ছতা ও সুশাসন: অর্থের সঠিক ব্যবস্থাপনা, হিসাবায়ন ও তদারকি এবং অ্যাকাউন্টিং ও গভর্ন্যান্সের কার্যকর কাঠামোর মাধ্যমে কীভাবে মানুষের আস্থা তৈরি করা যায়।
ছবি: The President's Office, Maldives / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
সূত্র: আওয়ার ইসলাম





মন্তব্য
(০)