গরম আবহাওয়ায় গাছ কতটা জোরে সাড়া দেবে, তা নিয়ন্ত্রণের একটি আণবিক কৌশল খুঁজে পেয়েছেন যুক্তরাষ্ট্রের আইওয়া স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। হংছিং মিশেল গুওর (Hongqing Michelle Guo) নেতৃত্বে এই আবিষ্কার ফলন না কমিয়ে তাপ সহনশীল ফসলের জাত উদ্ভাবনে সাহায্য করতে পারে।
মাঝারি গরমে বেশির ভাগ গাছ থার্মোমরফোজেনেসিস নামে এক প্রক্রিয়ায় সাড়া দেয়: কাণ্ড লম্বা হয়, চারপাশে বাতাস চলাচল বাড়ে, তাপের চাপ কমে। এতে গাছ টিকে থাকে, কিন্তু বৃদ্ধির শক্তি অন্য দিকে যায় বলে ফলন কমতে পারে। গুও বলেন, তাঁরা চান গাছ গরমে সাড়া দিক, তবে এত বেশি নয় যে দুর্বল হয়ে পড়ে।
গবেষণায় দুটি প্রোটিন দেখা হয়েছে। একটি তাপমাত্রা ও আলো টের পায়; স্বাভাবিক তাপ ও যথেষ্ট আলোয় এটি কাণ্ডের অতিরিক্ত বৃদ্ধি আটকে রাখে, আর তাপ বাড়লে বা আলো কমলে এর কাজ কমে গিয়ে গরমের সাড়া শুরু হয়। অন্যটি কোষঝিল্লিতে থেকে সংকেত আদান-প্রদানের কেন্দ্র হিসেবে কাজ করে। জিন গবেষণায় বহুল ব্যবহৃত একটি সপুষ্পক উদ্ভিদে দেখা গেছে, দ্বিতীয় প্রোটিনটি না থাকলে গাছ গরমে কম সাড়া দেয়, অর্থাৎ দুটির মধ্যে যোগসূত্র আছে।
গবেষকেরা তাপ-সংবেদী প্রোটিনের নির্দিষ্ট অংশে সেই যোগসূত্র খুঁজে পান এবং নির্ভুল জিন সম্পাদনায় এমন গাছ তৈরি করেন, যা সংকেতটি নকল করে বা আটকে দেয়। সংকেত নকল করা গাছ গরমে বেশি বেড়েছে, আর সংকেত না পাওয়া গাছের সাড়া ছিল অনেক কম। গবেষকদের মতে ব্যবস্থাটি সুইচের মতো চালু-বন্ধ নয়, বরং আলোর ডিমারের মতো কমবেশি করা যায়; লক্ষ্য সাড়াটি বাদ দেওয়া নয়, সূক্ষ্মভাবে সমন্বয় করা।
মাঠের ফসলে প্রয়োগের আগে আরও গবেষণা দরকার। পরের ধাপে ফসলের প্রজাতিতে একই জিনগত কৌশল পরীক্ষা করা হবে এবং সংকেতবাহী প্রোটিনটি নিজেই তাপমাত্রা টের পায় কি না, তা খতিয়ে দেখা হবে।
ছবি: Jucember / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)