বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় হালাল শিল্প এখন উৎপাদন খাতের প্রধান চালিকাশক্তি। দেশটির শিল্পমন্ত্রী আগুস গুমিওয়াং কার্তাসাসমিতা জানিয়েছেন, ২০২৬ সালের প্রথমার্ধে হালাল শিল্প তেল-গ্যাসবহির্ভূত উৎপাদন খাতে ৬১.৬০ বিলিয়ন মার্কিন ডলার অবদান রেখেছে, যা ওই খাতের মোট উৎপাদনের ৫০.৫৫ শতাংশ।
সম্প্রতি দক্ষিণ টেংগেরাংয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, স্থানীয় মুদ্রায় এই অবদান এক হাজার ১০২ ট্রিলিয়ন রুপিয়ায় পৌঁছেছে। এর মূল ভিত্তি দেশটির বিপুল মুসলিম ভোক্তা; প্রায় ২৮ কোটি নাগরিকের মধ্যে প্রায় ২৫ কোটি ২০ লাখই মুসলিম।
আগুস বলেন, বড় অভ্যন্তরীণ বাজার ও প্রতিষ্ঠিত শিল্পভিত্তি হালাল শিল্পের প্রবৃদ্ধির প্রধান সহায়ক, আর শিল্পটি আন্তর্জাতিক বাজারেও বিস্তৃত হচ্ছে।
বার্তা২৪-এর প্রতিবেদন অনুযায়ী, ইন্দোনেশিয়া প্রায় ৩৫.৭২ বিলিয়ন ডলারের হালাল শিল্পপণ্য রপ্তানি করেছে, বিপরীতে আমদানি করেছে ১৭.৪৭ বিলিয়ন ডলারের হালাল পণ্য।
মন্ত্রী জানান, বৈশ্বিক বাজারে ইন্দোনেশিয়ার পণ্যের অংশ বাড়াতে সরকার দেশীয় হালাল শিল্পকে আরও শক্তিশালী করবে। দেশীয় উৎপাদন বাড়িয়ে ও স্থানীয় হালাল শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা জোরদার করে আগামী বছর হালাল পণ্যের আমদানি কমানোর লক্ষ্য নিয়েছে দেশটি।
ছবি: VerfassungsSchützer / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: বার্তা২৪





মন্তব্য
(০)