কৃষি গবেষণা, শিক্ষা ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতার জন্য নয়াদিল্লির ভারতীয় কৃষি গবেষণা পরিষদ (আইসিএআর) এবং আক্রার সিএসআইআর-ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের (সিএসআইআর-সিআরআই) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। অনুষ্ঠানে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর এবং ঘানার পররাষ্ট্রমন্ত্রী স্যামুয়েল ওকুদজেতো আবলাকওয়া (Samuel Okudzeto Ablakwa)।
পাঁচ বছরের এই চুক্তির আওতায় যৌথ গবেষণা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিপ্রযুক্তির প্রয়োগ ও বাণিজ্যিকীকরণ হবে। চুক্তিটি সম্ভব করতে ভূমিকা রেখেছে ঘানার আরিমা ফার্মস লিমিটেড, যাকে নির্দিষ্ট গবেষণা ও বাণিজ্যিকীকরণের কাজে সিএসআইআর-সিআরআইয়ের বাণিজ্যিক অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে।
প্রথম ধাপে মনোযোগ সবজি গবেষণায়, বিশেষ করে টমেটোতে। ঘানার দেশীয় টমেটো উৎপাদন বাড়াতে আইসিএআর পরীক্ষিত প্রযুক্তির প্রসার এবং উপযোগী উচ্চফলনশীল টমেটোর লাইন ও জাত পরিচিত করাতে সহায়তা দেবে। কাসাভা, ইয়াম ও অন্যান্য কন্দ ফসলের প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনও চুক্তিতে আছে। ফসল তোলার পরের ক্ষতি কমাতে হিমাগার, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন, বাছাই, গ্রেডিং ও প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তিতে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হবে।
বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ বিনিময়, জার্মপ্লাজম ও প্রজননের উপকরণ, বৈজ্ঞানিক তথ্য ও পদ্ধতি বিনিময়, যৌথ গবেষণা প্রকল্প এবং দুই দেশের গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগের ব্যবস্থাও রাখা হয়েছে। আইসিএআর ও সিএসআইআর-সিআরআইয়ের প্রতিনিধিদের নিয়ে একটি যৌথ কর্মদল অগ্রগতি পর্যালোচনা করবে এবং নিয়মিত নয়াদিল্লি ও আক্রায় বৈঠক করবে।
দুই পক্ষ চুক্তিটিকে ভারতের দক্ষিণ-দক্ষিণ ও ভারত-আফ্রিকা সহযোগিতার অংশ হিসেবে দেখছে, যার লক্ষ্য গবেষণা, প্রযুক্তি উন্নয়ন ও বাণিজ্যিক ব্যবহারকে যুক্ত করে ঘানার কৃষকের জীবিকা উন্নত করা।
ছবি: Attah Mohammed / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: গ্লোবাল এগ্রিকালচার





মন্তব্য
(০)