ফল ও সবজি সংরক্ষণে সৌরবিদ্যুৎচালিত হিমাগার বাংলাদেশের আবহাওয়ায় কতটা কার্যকর, তা যাচাইয়ের একটি প্রকল্প শেষ হয়েছে। প্রকল্পের আওতায় রাজশাহীর একটি কৃষি খামারে পরীক্ষামূলকভাবে একটি হিমাগার বসানো হয়। এর ভেতরের তাপমাত্রা স্থিতিশীল রাখতে নিম্ন তাপমাত্রায় সুপ্ত তাপ সঞ্চয়কারী উপাদান (এলএইচএম) ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ফসল তোলার পর ক্ষতি কমাতে এবং ফল ও সবজির গুণমান ধরে রাখতে সৌরবিদ্যুৎচালিত হিমাগার ব্যবহারের ওপর জোর দেন। তিনি বলেন, উচ্চ তাপমাত্রা, পর্যাপ্ত হিমাগারের অভাব ও অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে অনেক সময় কৃষিপণ্য বাজারে পৌঁছানোর আগেই নষ্ট হয়ে যায়।
মন্ত্রী জানান, বাংলাদেশের আবহাওয়া, চাষাবাদ পদ্ধতি ও বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজশাহীর হিমাগারটি তৈরি করা হয়েছে। তাঁর মতে, ফল ও সবজি দ্রুত ঠান্ডা করা, হিমাগারে সংরক্ষণ, তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন এবং ডিজিটাল পদ্ধতিতে তাপমাত্রা পর্যবেক্ষণকে একটি ব্যবস্থায় যুক্ত করা যেতে পারে। হিমাগারের সঙ্গে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবহন যুক্ত হলে কৃষকেরা উৎপাদিত পণ্যের বেশি অংশ বাজারজাত করতে পারবেন, আয়ও বাড়ার সুযোগ তৈরি হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছে কোরিয়া ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি (কাইটেক)। আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) এবং জাতিসংঘের জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্ক (সিটিসিএন)। প্রকল্পের আওতায় কারিগরি প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
দেশের আরও কৃষিপ্রধান এলাকায় এ প্রযুক্তি পৌঁছে দিতে দক্ষিণ কোরিয়া ও সিটিসিএনের সঙ্গে কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা জানান মন্ত্রী। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুন নাহার এবং কাইটেকের প্রধান গবেষক ও প্রকল্পপ্রধান ড. কিম জং ইয়ল বক্তব্য দেন।
ছবি: SolarWriter / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: প্রতিদিনের সংবাদ





মন্তব্য
(০)