কৃষিকাজের নানা ধাপে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করছেন বিশ্বের ১৭ শতাংশ কৃষক। গ্লোবাল ফার্মার ইনসাইটস ২০২৬-এর জরিপে এ তথ্য উঠে এসেছে; ১০টি দেশের ৫ হাজার ৫০০ কৃষকের ওপর গবেষণাটি পরিচালিত হয়। অঞ্চলভেদে হার ভিন্ন: লাতিন আমেরিকায় ২৬ শতাংশ, উত্তর আমেরিকায় ২৩, ইউরোপে ১৩ এবং এশিয়ায় ৭ শতাংশ। বিশ্বজুড়ে মাত্র ৪ শতাংশ কৃষক অর্থের বিনিময়ে এআই টুল ব্যবহার করেন।
কৃষি স্বয়ংক্রিয়করণে সবচেয়ে দৃশ্যমান অগ্রগতি চীনের ড্রোনে। এ বছরের শুরুতে দেশটিতে উদ্ভিদ-সুরক্ষা ড্রোনের সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ লাখ ৯ হাজারে, যা আগের বছরের তুলনায় প্রায় ২৩ শতাংশ বেশি। ২০২৫ সালে এসব ড্রোন দিয়ে প্রায় ২০ কোটি ৩০ লাখ হেক্টর জমিতে কাজ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নিবন্ধিত কৃষি ড্রোনের সংখ্যা ২০২৪ সালের জানুয়ারিতে ছিল প্রায় ১ হাজার, ২০২৫ সালের মাঝামাঝি তা বেড়ে হয় প্রায় সাড়ে ৫ হাজার। দামের পার্থক্যও বড়: চীনে একটি স্প্রে ড্রোনের দাম ১০ হাজার ডলারের কম, যুক্তরাষ্ট্রে ২০ থেকে ৩০ হাজার ডলার। থাইল্যান্ডে ২০১৯ সালে ড্রোনের ব্যবহার ছিল প্রায় শূন্য, ২০২৩ সালে তা ৩০ শতাংশ কৃষিজমিতে পৌঁছায়। একটি ড্রোন ঘণ্টায় ৪ থেকে ১০ হেক্টর জমিতে কীটনাশক ছড়াতে পারে।
অ্যাগ্রিফুডটেক খাতে ২০২৪ সালে প্রায় ৬৬০ কোটি ডলার বিনিয়োগ নিয়ে শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, ২৫০ কোটি ডলার নিয়ে দ্বিতীয় ভারত। ২০২৫ সালে বৈশ্বিক বিনিয়োগ দাঁড়ায় প্রায় ১ হাজার ৬২০ কোটি ডলারে, শীর্ষ তিনে ছিল যুক্তরাষ্ট্র, ভারত ও চীন। বয়স্ক কর্মীর সংকটে থাকা জাপানে বাণিজ্যিক কৃষকদের গড় বয়স ৬৮ দশমিক ৪ বছর; ২০৩২ সাল পর্যন্ত দেশটির কৃষি-এআই বাজার বছরে ২৬ দশমিক ২ শতাংশ হারে বাড়ার পূর্বাভাস রয়েছে।
সুফলের মধ্যে এআই নিয়ন্ত্রিত সেচে পানি ব্যবহার ৩০ শতাংশ পর্যন্ত কমার তথ্য পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট ও ভারতের তামিলনাড়ুর মাঠ পরীক্ষায় সেচের পানি ১২ থেকে ৩৫ শতাংশ কম এবং ফলন প্রায় ৩ থেকে ৪ শতাংশ বেশি দেখা গেছে।
তবে আস্থার জায়গায় বড় ব্যবধান রয়ে গেছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য উৎস হিসেবে মাত্র ৬ শতাংশ কৃষক জেনারেটিভ এআই বা এআই সার্চের তথ্য ব্যবহার করেন, যেখানে ৫৬ শতাংশ কৃষক আস্থা রাখেন কারিগরি কৃষিবিদের ওপর। বর্তমান ব্যবহারকারীদের মধ্যে এআই সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে পরিকল্পনায়, এরপর ফসল ব্যবস্থাপনায়।
তথ্যসূত্র: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ, গ্লোবাল ফার্মার ইনসাইটস ২০২৬। মূল লেখা: কাশফিয়া আলম ঝিলিক, আজকের পত্রিকা; এগ্রিকেয়ার২৪.কমের আন্তর্জাতিক ডেস্কে প্রকাশিত।
ছবি: Shreesha Sharma / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এগ্রিকেয়ার২৪





মন্তব্য
(০)