জাপানের হিরোশিমা প্রিফেকচারে চাষের ঝিনুকের (অয়েস্টার) মৃত্যুহার কোথাও কোথাও ৯০ শতাংশে পৌঁছেছে, আর হিরোশিমা উপসাগরের যেসব এলাকায় এতদিন ঝিনুক ভালো বাড়ছিল, সেখানেও মৃত্যু ছড়াচ্ছে। ২০ নভেম্বর সাংবাদিকদের এ কথা জানান জাপানের কৃষি, বন ও মৎস্যমন্ত্রী আরাতা তাকেবে (Arata Takebe), খবর এগনেভিগেটরের।
পুরো প্রিফেকচারে তিন বছর বয়সী ঝিনুকের মৃত্যুহার ৫০ থেকে ৯০ শতাংশ, আর দুই বছর বয়সীদের এলাকাভেদে ১০ থেকে ৯০ শতাংশ। তাকেবে বলেন, উপসাগরের পশ্চিম ও উত্তর-মধ্য অংশের যেসব এলাকায় "আগে ঝিনুক ভালোভাবে বাড়ছিল", সেখানেও এখন উচ্চ মৃত্যুহার দেখা যাচ্ছে।
জাপানের অর্ধেকের বেশি ঝিনুক আসে হিরোশিমা থেকে। গত বছরও সেতো অভ্যন্তরীণ সাগরজুড়ে, হিরোশিমার পাশাপাশি ওকায়ামা, হিয়োগো ও ওসাকায় ব্যাপক মৃত্যু দেখা গিয়েছিল। সিটেকহিরোশিমার (SeatecHIROSHIMA) এক শ্বেতপত্র অনুযায়ী, ২০২৫ অর্থবছরে হিরোশিমার ঝিনুক উৎপাদন ছিল স্বাভাবিকের ৫৭ শতাংশ। শ্বেতপত্রের হিসাবে ২০২৬ সালে হিরোশিমার পশ্চিম ও মধ্য অংশে প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ ঝিনুক মারা গেছে।
মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। মন্ত্রণালয় ও হিরোশিমার স্থানীয় সরকারের ধারণা, সমুদ্রের পানির উচ্চ তাপমাত্রাই প্রধান কারণ; উচ্চ লবণাক্ততা ও অক্সিজেনের ঘাটতিও থাকতে পারে, তবে রোগের সম্ভাবনা কম বলে মনে করা হচ্ছে।
গত বছর ঘোষিত নীতি প্যাকেজের আওতায় সরকার ঝিনুকচাষিদের অর্থায়ন ও ব্যবসা চালু রাখার সহায়তা দিয়ে যাবে, বিকল্প চাষ পদ্ধতির যন্ত্রপাতি যৌথভাবে কেনায় সাহায্য করবে এবং জাপান ফিশারিজ রিসার্চ অ্যান্ড এডুকেশন এজেন্সি ও স্থানীয় সরকারের সঙ্গে মিলে মৃত্যুর কারণ খুঁজবে। বদলে যাওয়া পরিবেশের উপযোগী ঝিনুকের বীজ ও নতুন চাষ পদ্ধতির পরীক্ষাতেও সহায়তা দেওয়া হবে। পরিস্থিতি বুঝে ক্ষতিগ্রস্ত এলাকায় মন্ত্রণালয়ের কর্মকর্তা পাঠানোর কথাও বলেছেন তাকেবে।
ছবি: Toshiki Tanaka / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: AgNavigator




মন্তব্য
(০)