ভারতের মান্ডলার (Mandla) ক্ষুদ্র মাছচাষিরা এখন নিজেদের পুকুরের তথ্য থেকে পোনা ছাড়া, খাবার দেওয়া, পানির মান ও রোগের ঝুঁকি নিয়ে পরামর্শ পাচ্ছেন ইকোফার্ম (EcoFarm) নামের একটি মোবাইল অ্যাপে। সিজিআইএআরের গবেষকেরা জানিয়েছেন, অ্যাপটি তৈরি সমন্বিত বহুস্তর জলজ চাষের (আইএমটিএ) জন্য, যেখানে খাবার দিয়ে পালা মাছ, পানি ছেঁকে খাওয়া শামুক-ঝিনুক আর সামুদ্রিক শৈবাল একসঙ্গে চাষ হয়, এক প্রজাতির বর্জ্য হয় অন্যটির খাবার।
এমন পুকুরে অবিরাম তথ্য তৈরি হয়: পানির তাপমাত্রা, লবণাক্ততা, দ্রবীভূত অক্সিজেন, পিএইচ ও ঘোলাত্ব; এক প্রজাতি থেকে আরেক প্রজাতিতে নাইট্রোজেন ও ফসফরাসের চলাচল; আর প্রাণীদের বৃদ্ধি, খাওয়া, স্বাস্থ্য ও মৃত্যুহার। গবেষকদের মতে, মান্ডলার ক্ষুদ্র জেলেদের পক্ষে একা এসব তথ্য বোঝা সম্ভব নয়; তাই ইকোফার্মের মতো সিদ্ধান্ত-সহায়ক ব্যবস্থা শুরু থেকেই তাঁদের এবং স্থানীয় মানুষ, বেসরকারি সংস্থা ও সরকারকে সঙ্গে নিয়ে গড়া উচিত।
ইকোফার্ম এসব পাঠকে পানির মান, দূষণের ঝুঁকি ও জৈব স্বাস্থ্যের কয়েকটি প্রচলিত সূচকে সংক্ষেপ করে, যাতে পুকুরে চাপ জমার আগেই চাষি খাবার ও পোনার পরিমাণ বদলাতে পারেন। প্রয়োজনে খাবার, তলানি ও অ্যান্টিফাউলিং রাসায়নিক (antifoulant) থেকে আসা দূষকও নজরে রাখে অ্যাপটি, আর পরিবেশের পাশাপাশি জীবিকা, খাদ্য নিরাপত্তা ও আয়ের হিসাবও রাখে।
অ্যাপটিতে চারটি কাজ একসঙ্গে। মেশিন লার্নিং মডেল খামারের পর্যবেক্ষণ থেকে মাছের রোগের ঝুঁকি চিহ্নিত করে। টপসিস (TOPSIS) নামের বহুমাপের সিদ্ধান্ত পদ্ধতি ফসলের বৈচিত্র্য, জৈব সারের ব্যবহার, ফলন ও পশুপালনের ভিত্তিতে প্রতিটি খামারের অবস্থান দেখায়, কোথায় উন্নতি দরকার তাও বলে। প্রশিক্ষিত গ্রামকর্মী, যাঁদের বলা হয় গ্রাম সহায়ক, ডিজিটাল জ্ঞান কম এমন চাষিদের কাছে অ্যাপ নিয়ে যান, ফলে একটি স্মার্টফোন পুরো গ্রামের কাজে লাগে। আর এককালীন পাসওয়ার্ডে (ওটিপি) লগইনের ব্যবস্থা নতুন ব্যবহারকারীদের পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা দূর করেছে।
চাষি, নারী দল ও স্থানীয় প্রতিষ্ঠান কেবল পরামর্শ নেন না, তথ্যও জোগান দেন। স্থানীয় অভিজ্ঞতা মেলানো হয় বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বিশেষজ্ঞের পরামর্শের সঙ্গে। মাঠের বেসরকারি সংস্থা আস্থা ও সহায়তা দেয়, গবেষণা প্রতিষ্ঠান ফল যাচাই করে, আর আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কাজটিকে বড় পরিসর ও নীতির সঙ্গে যুক্ত করে।
পরের ধাপে পরীক্ষামূলক গ্রামগুলো থেকে পুরো মান্ডলা জেলায়, তারপর অন্যান্য কৃষি-প্রতিবেশ ও আদিবাসী এলাকায় ইকোফার্ম ছড়ানোর পরিকল্পনা আছে। গ্রাম সহায়কদের ডিজিটাল সম্প্রসারণকর্মী হিসেবে প্রশিক্ষণ ও সনদ দেওয়া হবে, আর যোগ হবে ইন্টারনেট ছাড়া চলা, কণ্ঠনির্ভর ও স্যাটেলাইটভিত্তিক সুবিধা। তুলনামূলক দল রেখে ফলন, আয়, রোগে ক্ষতি, পুষ্টি ব্যবহারের দক্ষতা ও পরিবেশের স্বাস্থ্য মেপে একটি উন্মুক্ত মূল্যায়নও করা হবে।
গবেষকদের যুক্তি, বেশির ভাগ কৃষিপ্রযুক্তি তৈরি হয় বড়, ভালো যোগাযোগসম্পন্ন একফসলি খামারের জন্য; ইকোফার্ম বানানো হয়েছে গ্রামীণ ভারতের সেই ছোট সমন্বিত খামারের জন্য, যেখানে মাছ, ফসল ও গবাদিপশু একসঙ্গে পালা হয়। লেখাটি সিজিআইএআরের মাল্টিফাংশনাল ল্যান্ডস্কেপস (Multifunctional Landscapes) কর্মসূচির জন্য লিখেছেন আয়ান সমাদ্দার (Ayan Samaddar), সুব্রত সাহা (Subrata Saha), নয়ন মালাস (Nayan Malas), অভিষেক যাদব (Abhishek Yadav), সোনিকা চৌধারী (Sonika Chaudhari), স্নেহল ভোঁসলে (Snehal Bhosale) ও অনুপ ঠাকুর (Anoop Thakur)।
ছবি: Mmhaque74 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: সিজিআইএআর (CGIAR)





মন্তব্য
(০)