ঘরের ভেতরে তাকে সাজানো ট্যাংকে সফটওয়্যারের নিয়ন্ত্রণে চিংড়ি চাষ করে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভার্টিকাল ওশানস (Vertical Oceans)। এবার আয়ারল্যান্ডে ২ কোটি ৮০ লাখ ডলারের একটি স্বয়ংক্রিয় চিংড়ি খামার করার পরিকল্পনা নিয়েছে তারা। প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জন ডিনার (John Diener) এজিফান্ডনিউজকে জানিয়েছেন, আয়ারল্যান্ডের খামারে থাকবে ৮০০টি চাষের ট্যাংক; সিঙ্গাপুরে আছে ৫২টি। ২০২৭ সালের শেষ নাগাদ সেখানে যন্ত্রপাতি বসানো শুরু করতে চায় প্রতিষ্ঠানটি।
এ পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লাখ ডলার তুলেছে ভার্টিকাল ওশানস। বিদেশে সম্প্রসারণের জন্য এখন আরও ২ কোটি ডলার শেয়ার মূলধন তোলা হচ্ছে, সঙ্গে ২ কোটি ডলার ঋণের ব্যবস্থাও চলছে। আয়ারল্যান্ডের খামারের প্রাথমিক সম্ভাব্যতা প্রকৌশল শেষ হয়েছে। এজিফান্ডনিউজ জানিয়েছে, তাদের মূল প্রতিষ্ঠান এজিফান্ড (AgFunder) ভার্টিকাল ওশানসের একজন বিনিয়োগকারী।
উপকূলে চিংড়ি চাষের সঙ্গে ম্যানগ্রোভ ও জলাভূমি ধ্বংস, বর্জ্য, রাসায়নিক ও অ্যান্টিবায়োটিকে পানি দূষণ, রোগ আর দুর্যোগের ক্ষতির সমস্যা জড়িয়ে আছে। ঘরের ভেতরে পানি পুনঃসঞ্চালন পদ্ধতিতে চাষ করা চিংড়ির দাম বেশি পাওয়া যায়, কিন্তু ডিনারের দাবি, এমন খামার বানানো ও চালানো খুব ব্যয়বহুল। তাঁর ভাষায়, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও সিঙ্গাপুরে এমন অনেক খামার ব্যর্থ হয়েছে বা ধুঁকছে, কারণ তারা পুকুরটাকেই কেবল ঘরে তুলে এনেছিল।
ভার্টিকাল ওশানস ব্যবহার করে তাকে সাজানো, সরানো যায় এমন ট্যাংক, যার নাম তারা দিয়েছে "ইন্টেলিজেন্ট হ্যাবিট্যাট"। কোনো ট্যাংকে চিংড়ি বড় হয়ে ভিড়ের সীমার কাছে এলে ট্যাংকটি স্বয়ংক্রিয়ভাবে তাক থেকে নামিয়ে একটি "পিট স্টপে" নেওয়া হয়, অর্ধেক চিংড়ি একটি খালি ট্যাংকে সরিয়ে দুটিকেই আবার তাকে তোলা হয়। ডিনারের দাবি, এতে প্রচলিত পদ্ধতির চেয়ে গড়ে সাড়ে ছয় গুণ ঘনত্বে চিংড়ি রাখা যায়, আর দ্রুত বৃদ্ধির সঙ্গে মিলিয়ে প্রতি ঘনমিটার পানিতে উৎপাদন হয় ২০ গুণ।
প্রতিটি ট্যাংক চলে টাইড ওএস (Tide OS) নামের সফটওয়্যারে, আর পুরো খামার সমন্বয় করে মোয়ানা (Moana) নামের আরেকটি অ্যাপ্লিকেশন। প্রতিষ্ঠানের মডেল ও সর্বশেষ উৎপাদনের তথ্য দেখে সফটওয়্যার আরও ভালো চাষের পরিবেশ খোঁজে, বাছাই করা ট্যাংকে তা পরীক্ষা করে এবং ফল আবার মডেলে যোগ করে। ডিনার বলেন, "এখানে মানুষের কোনো হাত নেই।" সিঙ্গাপুরের খামার চালাতে পূর্ণকালীন কর্মী লাগে মাত্র চারজন, আর সেখানে ৬০টির বেশি উৎপাদন চক্রে রোগের সমস্যা হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
চিংড়ির ট্যাংকের পানি থেকে কঠিন বর্জ্য ছেঁকে তোলা হয়, আর পানির একটি অংশ তিন প্রজাতির সামুদ্রিক শৈবালের মধ্য দিয়ে যায়, যা অ্যামোনিয়া শুষে নেয়। ডিনার জানান, আড়াই বছর ধরে অতিবেগুনি রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করতে হয়নি, আর ওজোন বা অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় না। বর্জ্যের পুষ্টি কাজে লাগাতে ঝিনুকজাতীয় প্রাণী যোগ করার কথাও ভাবছে তারা।
যন্ত্রপাতি বসানো যায় উঁচু ছাদের বিদ্যমান লজিস্টিক গুদামে, আলাদা ভবন বানাতে হয় না; বসাতে লাগে প্রায় নয় মাস, প্রথম চিংড়ি ওঠে ১২ মাসের মধ্যে। সামুদ্রিক খাবারের বিতরণ ব্যবস্থা, প্রকৌশলী, সরকারি সহায়তা ও দ্রুত অর্থায়নের সুযোগের কারণে যুক্তরাষ্ট্রের আগে আয়ারল্যান্ডকে বেছে নেওয়া হয়েছে। সেখানকার খামার প্রথমে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানিতে চিংড়ি পাঠাবে; বিক্রির ৬০ শতাংশ খুচরা বাজারে ও ৪০ শতাংশ রেস্তোরাঁয় যাবে বলে আশা। ডিনারের দাবি, তাদের খামার পর্যায়ের খরচ ভিয়েতনাম ও ভারতের মতো দেশে ২৫ গ্রামের চিংড়ি উৎপাদকদের কাছাকাছি।
ছবি: Narek75 / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: এজিফান্ডনিউজ





মন্তব্য
(০)