রাজধানীর হাতিরঝিলের একাংশের পানি দুই সপ্তাহের বেশি সময় ধরে গোলাপি রং ধারণ করেছে। ঝিলের তত্ত্বাবধানকারী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর কারণ জানে না; রহস্য উদ্ঘাটনে তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) রসায়ন বিভাগের সাহায্য নিয়েছে।
প্রথম আলোর প্রতিবেদক সোমবার দুপুরে এফডিসি থেকে গুদারাঘাট পর্যন্ত ওয়াটার ট্যাক্সিতে যাওয়ার পথে এফডিসি, মধুবাগ ব্রিজ ও পুলিশ প্লাজার অংশের পানিতে গোলাপি আভা দেখেছেন। নিয়মিত যাত্রী নেসার উদ্দিন জানিয়েছেন, গত সপ্তাহে এফডিসির অংশে হঠাৎ রংটি চোখে পড়ে এবং যাত্রীদের মধ্যে এ নিয়ে আলোচনা হয়। ওয়াটার ট্যাক্সির একজন টিকিট চেকার নাম প্রকাশ না করার শর্তে দাবি করেছেন, সপ্তাহখানেক আগে রাজউকের লোকজন পানিতে একধরনের রাসায়নিক ছিটিয়েছিল।
রাজউকের প্রশাসন ও অর্থ শাখার সদস্য মো. শাহিনুর আলম বলেছেন, “হঠাৎ পানিতে এই রং কেন এল, কোত্থেকে এল, সেটার কোনো কারণ আমরা খুঁজে পাচ্ছি না।”
বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক আয়শা শারমিন জানিয়েছেন, ৩ নভেম্বর তাঁরা ঝিলের বিভিন্ন জায়গা ও বিভিন্ন গভীরতা থেকে পানির নমুনা নিয়েছেন। প্রাথমিক পরীক্ষায় পানির গুণগত মান প্রায় সব সূচকেই খারাপ পাওয়া গেছে। পয়োবর্জ্য ও গৃহস্থালি বর্জ্য পড়ায় পানিতে ফসফেট ও নাইট্রেট অনেক বেশি, যাকে বিজ্ঞানের ভাষায় ইউট্রোফিকেশন বলা হয়। দুর্গন্ধ কমাতে পানিতে চুন দেওয়া হয়েছিল, তাতে পানির পিএইচ বেড়ে গেছে।
অধ্যাপক শারমিনের ব্যাখ্যায়, এ অবস্থায় পার্পল সালফার ও পার্পল নন-সালফার ব্যাকটেরিয়া জন্মাতে পারে, যারা রঞ্জক তৈরি করে পানির রং গোলাপি করে দিতে পারে। সায়ানোব্যাকটেরিয়াও থাকতে পারে। গবেষক দল ঝিলে কিছু নতুন ব্যাকটেরিয়া পেয়েছে, তবে ঠিক কোনটির কারণে রং বদলেছে তা এখনো নিশ্চিত নয়। চলতি মাসের শেষ দিকে বিস্তারিত ফল রাজউককে দেওয়ার চেষ্টা চলছে।
বর্জ্যে ভরা হাতিরঝিলের উন্নয়নে ২০০৭ সালে ৩০২ একর জমিতে প্রকল্প নেওয়া হয়েছিল। কয়েক দফা ব্যয় ও মেয়াদ বাড়ার পর ২০২১ সালে প্রকল্প শেষ হয়, ব্যয় দাঁড়ায় ২ হাজার ২৩৬ কোটি টাকা। রাস্তা, উড়ালসড়ক ও খননের পরও ঝিলে পয়োবর্জ্য ফেলা বন্ধ হয়নি, আশপাশে এখনো দুর্গন্ধ ছড়ায়।
প্রতিবেদন: মোস্তফা ইউসুফ, প্রথম আলো।
ছবি: NahidSultan / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: প্রথম আলো





মন্তব্য
(০)