যুক্তরাষ্ট্রের কৃষকদের মধ্যে জিনগতভাবে প্রকৌশলকৃত (জিই) ফসলের ব্যবহার ২০২৫ সালেও বেড়েছে। মার্কিন কৃষি বিভাগের অর্থনৈতিক গবেষণা সার্ভিস (ইআরএস) এক নতুন চার্ট অব নোটে এ তথ্য জানিয়েছে।
ইআরএসের 'অ্যাডপশন অব জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ক্রপস ইন দ্য ইউনাইটেড স্টেটস' তথ্যসম্ভার অনুযায়ী, দেশটিতে এখন ভুট্টা, তুলা ও সয়াবিনের ৯০ শতাংশের বেশি জমিতে অন্তত একটি জিই বৈশিষ্ট্যের বীজ বোনা হয়। ২০০৮ সালেই তিন ফসলের ক্ষেত্রে এই হার ৫০ শতাংশ ছাড়িয়েছিল।
প্রধান মাঠফসলে জিই বীজের বাণিজ্যিক ব্যবহার শুরু হয় ১৯৯৬ সালে, এরপর দ্রুত তা ছড়িয়ে পড়ে। প্রধান দুই ধরনের বৈশিষ্ট্য হলো আগাছানাশক সহনশীলতা (এইচটি) ও পোকা প্রতিরোধ; পোকা প্রতিরোধী বৈশিষ্ট্যে সাধারণত মাটির ব্যাকটেরিয়া ব্যাসিলাস থুরিনজিয়েনসিস (বিটি) থেকে নেওয়া জিন ব্যবহার করা হয়। দুই বৈশিষ্ট্য একসঙ্গে থাকা 'স্ট্যাকড' বীজের উৎপাদনও বাড়ছে।
বিটি-বহির্ভূত পোকা প্রতিরোধ; খরা, ভাইরাস বা ছত্রাক প্রতিরোধ; এবং বাড়তি প্রোটিন, তেল বা ভিটামিনের মতো অন্যান্য বৈশিষ্ট্যও উদ্ভাবিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের ফসল উৎপাদনে এখনও এইচটি ও বিটি বৈশিষ্ট্যই সবচেয়ে বেশি ব্যবহৃত।
আলফালফা, ক্যানোলা ও সুগারবিটেও এইচটি বীজের ব্যাপক ব্যবহার আছে, তবে জিই ফসলের জমির বেশির ভাগই ভুট্টা, তুলা ও সয়াবিনে। চার্টটি ইআরএসের বায়োটেকনোলজি বিষয়ক পাতায় প্রকাশিত হয় ২০২৫ সালের ডিসেম্বরে।
সূত্র: ers_usda





মন্তব্য
(০)