ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামের তরুণ মুসাদ্দিক মণ্ডল রাহাত মাত্র ১ হাজার ৬০০ টাকায় দুটি চাড়িতে রঙিন মাছ চাষ শুরু করেছিলেন। সেই খামার থেকে এখন মাসে পাঁচ থেকে সাত লাখ টাকা আয় করছেন বলে জানিয়েছে কৃষি সময়।
২০১৮ সালে সপ্তম শ্রেণিতে পড়ার সময় ইউটিউবে রঙিন মাছের চাষ দেখে আগ্রহী হন রাহাত। করোনাকালে বাড়ির ছাদে দুটি চাড়িতে ৮০০ টাকা করে মোট ১ হাজার ৬০০ টাকার মাছ দিয়ে শুরু; পরে তিনটি চৌবাচ্চায় বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন।
এখন তাঁর খামারে ১০টি বড় পুকুর ও ৭০টি চৌবাচ্চা। সেখানে জেব্রা, কমেট, গোল্ডফিশ, কই কার্প, ওরান্ডা গোল্ড, মলি ও গাপ্পিসহ ২০ প্রজাতির মাছের প্রজনন ও চাষ হয়। খামারের মাছ যাচ্ছে ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী ও চট্টগ্রামে। রাহাতের দাবি, বছরে তাঁর পোনা বিক্রি হয় প্রায় কোটি টাকার। এ বছর সাফল্যের স্বীকৃতি হিসেবে পুরস্কারও পেয়েছেন।
ফরিদপুর জেলা মৎস্য কর্মকর্তা নাসরিন জাহান বলেন, রাহাতকে কারিগরি পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। তাঁর উদ্যোগ তরুণদের জন্য একটি সম্ভাবনাময় উদাহরণ হয়ে উঠেছে।
ছবি: Norio Nomura / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: কৃষি সময়





মন্তব্য
(০)