সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ নভেম্বর ২০২৬
ঢাকা২৪°মেঘলাআর্দ্রতা ৮৮%বাতাস ৫ কিমি/ঘ

নিষেধাজ্ঞার পরও মিলছে ডিমওয়ালা ইলিশ, কী বলছেন গবেষকরা

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর অক্টোবর মাসে টানা ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। ইলিশের প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় নিয়ে এই সময় নির্ধারণ করা হয়। তবে নিষেধাজ্ঞার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক ইলিশের পেটে ডিম পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন জেল

মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রতিবছর অক্টোবর মাসে টানা ২২ দিন ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। ইলিশের প্রধান প্রজনন মৌসুম বিবেচনায় নিয়ে এই সময় নির্ধারণ করা হয়। তবে নিষেধাজ্ঞার নির্ধারিত সময় শেষ হওয়ার পরও অনেক ইলিশের পেটে ডিম পাওয়া যাচ্ছে বলে দাবি করছেন জেলেরা। এতে মা ইলিশের প্রজননের জন্য নির্ধারিত ২২ দিনের সময়সীমা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা।

চাঁদপুরের মেঘনা নদী ইলিশের অন্যতম গুরুত্বপূর্ণ বিচরণ ও প্রজননক্ষেত্র। মা ইলিশ রক্ষায় প্রতিবছর নিষেধাজ্ঞার সময় নদীতে অভিযান পরিচালনা করে প্রশাসন। চলতি বছরও নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়।

জেলেদের মতে, নদীতে মাছ ধরার সময় এবং বাজারে আসা ইলিশের মধ্যে অনেক মাছের পেটে ডিম পাওয়া যাচ্ছে। শুধু নির্ধারিত ২২ দিন নয়, এর পরবর্তী সময়েও ইলিশের প্রজনন কার্যক্রম চলতে দেখা যায়। ফলে প্রজনন মৌসুমের সময়সীমা আরও বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছেন তারা।

তবে মৎস্য গবেষকদের মতে, ইলিশের প্রজনন কোনো নির্দিষ্ট ২২ দিনের মধ্যে সীমাবদ্ধ নয়। বছরের বিভিন্ন সময় ইলিশের পেটে ডিম পাওয়া যেতে পারে এবং প্রজননও হতে পারে। তবে সেপ্টেম্বর-অক্টোবর, বিশেষ করে আশ্বিন মাসে পূর্ণিমা ও অমাবস্যাকে কেন্দ্র করে ইলিশের ডিম ছাড়ার প্রবণতা সবচেয়ে বেশি থাকে। এসময় অধিকসংখ্যক মা ইলিশ পরিপক্ব ডিম নিয়ে নদীতে আসে। তাই সর্বোচ্চ প্রজনন নিশ্চিত করতে গবেষণার ভিত্তিতে অক্টোবর মাসে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের গবেষণায়ও দেখা গেছে, ইলিশ সারা বছরই কমবেশি প্রজনন করে। তবে সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রধান প্রজনন মৌসুম। মেঘনা নদীর মোহনায় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেও তুলনামূলক কম মাত্রায় প্রজননের আরেকটি সময় রয়েছে। অর্থাৎ ইলিশের প্রজনন কার্যক্রম একাধিক সময়ে হলেও অক্টোবর মাসে এর তীব্রতা বেশি থাকে।

মৎস্য গবেষকদের মতে, ২২ দিনের নিষেধাজ্ঞার উদ্দেশ্য সব ইলিশের প্রজনন বন্ধ বা শেষ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা নয়; বরং যে সময়ে সবচেয়ে বেশি মা ইলিশ ডিম ছাড়ে, সেই সময়টিকে নিরাপদ করা। কারণ, এ সময়ে নির্বিঘ্নে প্রজননের সুযোগ পেলে ইলিশের ডিম ও পোনা উৎপাদন বাড়ে।

জেলে ইয়াসিন মিজি ও ইলিয়াস হোসেন জাগো নিউজকে বলেন, ‌'আমাদের অভিজ্ঞতায় দেখা যায়, নিষেধাজ্ঞার পরও অনেক মা ইলিশ ডিম ছাড়ার উপযোগী অবস্থায় থাকে। এতে মনে হয়, সব মা ইলিশ নির্ধারিত ২২ দিনের মধ্যে ডিম ছাড়তে পারে না। ইলিশের প্রজনন মৌসুম নির্ধারণে মৎস্য গবেষকদের আরও বেশি মাঠপর্যায়ে গবেষণা করা প্রয়োজন।'

তারা বলেন, নদীতে কখন ইলিশ বেশি ডিম ছাড়ে, কোন সময়ে মা ইলিশের পেটে পরিপক্ব ডিম থাকে—এসব বিষয় বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করা উচিত।

ইলিশ ব্যবসায়ী নবীর হোসেন ও কামাল হোসেন জানান, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে যে ইলিশ এসেছে, তার প্রায় সবগুলোতেই পেটে ডিম পাওয়া গেছে। এতে বোঝা যায়, নিষেধাজ্ঞার নির্ধারিত সময় শেষ হলেও ইলিশের প্রজনন কার্যক্রম পুরোপুরি শেষ হয়নি।

তারা বলেন, মৎস্য গবেষণার সঙ্গে সংশ্লিষ্টরা যদি ইলিশের প্রজননকাল নিয়ে আরও গভীরভাবে গবেষণা করে নিষেধাজ্ঞার সময় নির্ধারণ করতেন, তাহলে হয়তো আরও বেশি মা ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পেত। ইলিশ যত বেশি ডিম ছাড়বে, নদীতে তত বেশি পোনা জন্ম নেবে। ভবিষ্যতে ইলিশের উৎপাদনও বাড়বে।

তবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদীকেন্দ্র চাঁদপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আবু কাউছার দিদারের ভাষ্য, ইলিশ সারা বছরই কমবেশি ডিম দেয়। বছরের যেকোনো সময় ইলিশের পেটে ডিম পাওয়া অস্বাভাবিক কিছু নয়। এখনো কিছু ইলিশের পেটে ডিম পাওয়া যাচ্ছে, এতে সন্দেহের কোনো কারণ নেই।

তিনি বলেন, 'ইলিশের প্রজনন ও ডিম ছাড়ার বিষয়টি মূলত পরিবেশ, পানির গুণগত মান, ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্যসহ বিভিন্ন প্রাকৃতিক উপাদানের ওপর নির্ভর করে। তবে বছরের একটি নির্দিষ্ট সময়ে ইলিশের সর্বোচ্চ সংখ্যক মাছ পরিপক্ব হয়ে ডিম ছাড়ে।'

আবু কাউছার দিদার বলেন, বর্তমানে মধ্য আশ্বিন থেকে মধ্য কার্তিক পর্যন্ত যে প্রজননকাল বিবেচনায় নিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়, বিগত বছরগুলোর গবেষণায় দেখা গেছে, এ সময় ইলিশের প্রজনন উপযোগিতা ও ডিমের পরিপক্বতা সবচেয়ে বেশি থাকে। এসময় মা ইলিশ সংরক্ষণ করা গেলে এবং অসাধু জেলেদের মাছ ধরা থেকে বিরত রাখা সম্ভব হলে অধিকসংখ্যক ইলিশ নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ পায়। এতে ইলিশের প্রজনন সাফল্য বাড়ে এবং ভবিষ্যতে নদীতে ইলিশের প্রাচুর্যতা নিশ্চিত করা সম্ভব হয়।

নিষেধাজ্ঞার সময়সীমার বিষয়টির ব্যাখা দিয়ে তিনি বলেন, 'সারাবছরই কিছু ইলিশের পেটে ডিম থাকতে পারে এবং ডিম ছাড়ার ঘটনাও ঘটতে পারে। কিন্তু আমাদের মূল লক্ষ্য, যে ২২ দিনে সর্বোচ্চসংখ্যক মা ইলিশ ডিম ছাড়ে, সেই সময়টিকে নিরাপদ রাখা। কারণ, এ সময়ে ইলিশের সফল প্রজননের পাশাপাশি ডিম ও পোনা বেঁচে থাকার অনুকূল পরিবেশও তৈরি হয়। তাই ২২ দিনের নিষেধাজ্ঞা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চসংখ্যক ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যেই।'

গুগলে দা এগ্রো নিউজকে আপনার পছন্দের সংবাদ উৎস করুন

জাগো নিউজ ২৪সূত্র

মৎস্য

সম্পর্কিত খবর

বগুড়ার উথলীতে নবান্নের মাছের মেলা: হাজার মণের বেশি মাছ, ২৫ কেজির ব্লাড কার্পমৎস্য

বগুড়ার উথলীতে নবান্নের মাছের মেলা: হাজার মণের বেশি মাছ, ২৫ কেজির ব্লাড কার্প

নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জের উথলীতে শত বছরের পুরোনো মাছের মেলায় এক হাজার মণের বেশি মাছ বেচাকেনা হয়েছে; নতুন আলু, মিষ্টি আলুসহ সবজির পসরাও বসেছে।

ঢাকা ট্রিবিউন১৯ নভেম্বর ২০২৬২ মিনিটের পড়া
ই-ডিএনএ প্রযুক্তি: এক লিটার সমুদ্রের পানি থেকেই জানা যাবে কোন প্রাণী আছেমৎস্য

ই-ডিএনএ প্রযুক্তি: এক লিটার সমুদ্রের পানি থেকেই জানা যাবে কোন প্রাণী আছে

সমুদ্রের পানিতে মিশে থাকা প্রাণীর ডিএনএর চিহ্ন বিশ্লেষণ করে কোন এলাকায় কোন প্রজাতি আছে তা জানার ই-ডিএনএ প্রযুক্তি কপ-৩১-এ তুলে ধরেছে ইউনেস্কো; ২৫টি সামুদ্রিক এলাকায় চলছে তিন বছরের কর্মসূচি।

বাংলাভিশন১৯ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া
গ্যালারি

একঝলক ১৮ নভেম্বর: ফুলকপি তোলা, আলুর বীজ, খেতে ধান মাড়াই আর কুয়াশার চা-বাগান

১৮ নভেম্বর প্রথম আলোর আলোকচিত্রীরা মাঠে-ঘাটে যা দেখেছেন, তার কৃষি, মাছ ধরা আর প্রকৃতির দশটি ছবি: বগুড়ায় ফুলকপি তোলা, রংপুরে আলুর বীজ ও ধান মাড়াই, বরিশালে নদীতে ঘের, সিলেটের চা-বাগানে কুয়াশার রোদ।

প্রথম আলো১৮ নভেম্বর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)