ঢাকা বিশ্ববিদ্যালয়কে তামাক ও ধূমপানমুক্ত করতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (সংশোধনী ২০২৬)-এর বিধান যথাযথভাবে কার্যকর করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলা ভবনের শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী সভাকক্ষে ডুজা ও ডর্পের যৌথ মতবিনিময় সভায় এ দাবি ওঠে।
প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, আবাসিক হল ও ক্যাম্পাসের দোকানে তামাকজাত পণ্য বিক্রি হচ্ছে কি না, তা নজরদারি করা দরকার। তামাক বিক্রিতে বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদন থাকলে তা পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
তিনি ক্যাম্পাসে তামাকবিরোধী লিফলেট, পোস্টার ও স্টিকার প্রদর্শনের ওপর জোর দেন এবং বলেন, উদ্যোগটি আলোচনায় আটকে না রেখে বাস্তবায়নযোগ্য কর্মপরিকল্পনার দিকে নিতে হবে। আয়োজকেরা প্রস্তাব দিলে প্রশাসন সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডর্পের প্রোগ্রাম কোঅর্ডিনেটর জেবা আফরোজ। আলোচনায় অংশ নেন সিটিএফকে বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুস সালাম মিয়া, ডর্পের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত সচিব মো. আজহার আলী তালুকদার এবং ডর্পের প্রতিষ্ঠাতা ও সিইও এএইচএম নোমান। সভাপতিত্ব করেন ডুজার সভাপতি মো. মানজুর হোছাইন।
বক্তারা তামাক ও ধূমপানের স্বাস্থ্যঝুঁকি, বিদ্যমান আইন, ক্যাম্পাসে তামাকপণ্য বিক্রি নিয়ন্ত্রণ এবং তামাক নিয়ন্ত্রণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলেন। আইনের কার্যকর প্রয়োগের পাশাপাশি নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের ওপর তাঁরা গুরুত্ব দেন; ডুজা দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষায় সহযোগিতার প্রত্যয় জানায়।
প্রতিবেদনটি দেশ রূপান্তরের ঢাবি প্রতিনিধির।
ছবি: দেশ রূপান্তর
সূত্র: দেশ রূপান্তর




মন্তব্য
(০)