বিশ্বের সবচেয়ে বড় সয়াবিন ক্রেতা চীন অক্টোবরে ৭৩ লাখ ৫০ হাজার টন সয়াবিন আমদানি করেছে, যা ২০২৩ সালের পর এই মাসে সবচেয়ে কম। মঙ্গলবার প্রকাশিত শুল্ক বিভাগের তথ্য আর রয়টার্সকে দেওয়া বিশ্লেষকদের মত উদ্ধৃত করে দ্য পোলট্রি সাইট এ খবর দিয়েছে। গত বছরের অক্টোবরের রেকর্ড ৯৪ লাখ ৮০ হাজার টনের চেয়ে এটি ২২.৫ শতাংশ আর সেপ্টেম্বরের চেয়ে ৩৮ শতাংশ কম।
চতুর্থ প্রান্তিকে মাসে প্রায় ৯৫ লাখ টনের যে প্রত্যাশা বিশ্লেষকদের ছিল, তার চেয়েও এটি অনেক কম। মাড়াইকলে বেশি মজুত, লোকসানি মাড়াই মার্জিন আর শূকরের কম দাম, যা সয়ামিল পশুখাদ্যের চাহিদা কমায়, সব মিলিয়ে কেনা কমেছে।
সময়ও একটা কারণ। বেইজিংয়ের গুওইয়ান ফিউচার্সের কৃষি গবেষক লিউ জিনলু (Liu Jinlu) বলেন, অক্টোবরে দক্ষিণ আমেরিকার পুরোনো মৌসুমের জোগান ফুরিয়ে আসছিল, অথচ যুক্তরাষ্ট্রের নতুন মৌসুমের বড় চালান তখনো শুরু হয়নি। বেশি মজুত আর দুর্বল মার্জিনে কেনাকাটা ও জাহাজের সূচিও ধীর হয়েছে, ফলে আমদানি হঠাৎ অনেক কমে গেছে।
নভেম্বর-ডিসেম্বরে আমদানি ঘুরে দাঁড়াবে কি না, তা নির্ভর করবে চীন-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক আর মাড়াই মার্জিনের উন্নতির ওপর, বলেন লিউ। ঝুঁকি হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে আবহাওয়ার বিঘ্ন, ধীর রপ্তানি চালান আর দক্ষিণ আমেরিকায় বোনার মৌসুমের অনিশ্চিত আবহাওয়ার কথা বলেছেন। জানুয়ারি থেকে অক্টোবরে চীনে সয়াবিন এসেছে মোট ৯ কোটি ৩৪ লাখ ৮০ হাজার টন, আগের বছরের একই সময়ের চেয়ে ২.৩ শতাংশ কম।
শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে মজুত কমে আসায় আর শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বেশির ভাগ চালান নাগালের বাইরে থাকায় চতুর্থ প্রান্তিকে চীনের বেসরকারি মাড়াইকলগুলো ব্যয়বহুল টানাটানিতে পড়ছে।
পশুখাদ্যের চাহিদা আরও কমতে পারে। বিশ্লেষকদের ধারণা, অতিরিক্ত জোগানের বাজার স্থিতিশীল করতে বেইজিংয়ের উদ্যোগে ২০২৬ সালের চতুর্থ বা ২০২৭ সালের প্রথম প্রান্তিকে চীনের শূকরের সংখ্যা কমবে। পরিসংখ্যান ব্যুরো অক্টোবরের শেষে জানিয়েছে, সেপ্টেম্বরের শেষে প্রজননক্ষম মা শূকর ছিল ৩ কোটি ৬০ লাখ ২০ হাজার, তিন মাস আগের চেয়ে ১০.৭ শতাংশ কম। ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের সয়াবিন চাষিদের জন্য এর মানে, বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা আপাতত কম কিনছে।
ছবি: H. Zell / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: The Poultry Site





মন্তব্য
(০)