মৌসুমের শেষ দিকে চাঁদপুরের বড়স্টেশন মাছঘাটে ইলিশের সরবরাহ বেড়েছে। ঘাটে এখন প্রতিদিন কমপক্ষে ১ হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ আসছে, যার বেশির ভাগ সাগর মোহনার মাছ। গত এক মাসের তুলনায় আমদানি বাড়ায় মৎস্য ব্যবসায়ী ও শ্রমিকদের ব্যস্ততাও বেড়েছে।
মৎস্য বণিক সমিতির সভাপতি মোহাম্মদ মানিক জমাদার জানান, কিছুদিন আগেও ঘাটে দিনে মাত্র ৫০০ থেকে ৭০০ মণ ইলিশ আসত। সরবরাহ বাড়ার এই ধারা থাকলে সামনে দাম আরও কিছুটা কমতে পারে বলে আশা করছেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, অমাবস্যা ও পূর্ণিমার প্রভাবে জেলেদের জালে প্রচুর ইলিশ ধরা পড়ছে। ইলিশ গবেষক ড. আনিছুর রহমানও বলেন, এ প্রভাবে পদ্মা-মেঘনায় জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ মিলছে।
স্থানীয় নদীর ইলিশের আমদানি তুলনামূলক কম। তবে হাতিয়া, ভোলাসহ অন্যান্য জেলা থেকে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। ঘাটে দেড় কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২ হাজার ৭০০ টাকায়, এক কেজি আকারের ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়, ৮০০ থেকে ৯০০ গ্রামের ১ হাজার ৮০০ টাকায় এবং ৫০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায়।
দাম কিছুটা নামলেও সাধারণ ক্রেতারা বলছেন, এখনো তা তাঁদের নাগালের বেশ বাইরে।
প্রতিবেদনটি চ্যানেল আই অনলাইনের চাঁদপুর প্রতিনিধি মোরশেদ আলমের পাঠানো তথ্যের ভিত্তিতে লেখা।
সূত্র: চ্যানেল আই অনলাইন




মন্তব্য
(০)