শীতে বাজারে টকটকে লাল গাজর ওঠে। হালুয়া, সালাদ বা সবজির বাইরে গাজর দিয়ে সহজে বানানো যায় গাজরের রুটি। আলাদা করে পুর ভরার ঝামেলা নেই, আটা মাখার সময়ই গাজর মিশিয়ে নিলেই হয়। সকালের নাশতা, স্কুলের টিফিন বা রাতের খাবারে আচার কিংবা সবজির সঙ্গে খাওয়া যায়। রেসিপিটি দিয়েছে কলকাতার সংবাদ প্রতিদিন।
উপকরণ: ৪ কাপ গমের আটা, খোসা ছাড়িয়ে কুচনো ৩টি গাজর, আধা চা চামচ জিরা গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ, অল্প আজওয়াইন, পরিমাণমতো হালকা গরম পানি, মাখার জন্য সামান্য ঘি বা তেল, রুটিতে মাখানোর জন্য ঘি এবং বেলার জন্য শুকনা ময়দা।
প্রণালি: বড় একটি বাটিতে আটা আর কুচনো গাজর নিন। তাতে জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, আজওয়াইন ও লবণ দিয়ে ভালো করে মেশান। অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে নরম খামির তৈরি করুন। খামিরের গায়ে সামান্য ঘি বা তেল মাখিয়ে ঢেকে প্রায় ২০ মিনিট রেখে দিন।
এরপর খামির থেকে ছোট ছোট বল করুন। বেলুনিতে শুকনা ময়দা ছড়িয়ে একেকটি বল বেলে গোল রুটি করুন। তাওয়া বা কড়াই গরম করে রুটি দিন, দুই পিঠ ভালো করে সেঁকে নিন। এবার রুটির গায়ে হালকা ঘি মাখিয়ে মুচমুচে হওয়া পর্যন্ত সেঁকুন। বাকি বলগুলো দিয়েও একইভাবে রুটি বানান।
খেয়াল রাখুন: গাজরের খোসা ছাড়িয়ে তবেই কুচাবেন। পানি একবারে বেশি দেবেন না, অল্প অল্প করে দিন। খামির মাখার পর প্রায় ২০ মিনিট ঢেকে রাখা জরুরি। সেঁকার সময় ঘি সামান্যই মাখাবেন।
ছবি: Guillaume Paumier / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.5)
সূত্র: সংবাদ প্রতিদিন



মন্তব্য
(০)