প্রশ্ন জাগতে পারে—প্রজাপতি কমে গেলে বিপদটা কোথায়? আমাদের মনে রাখতে হবে, প্রজাপতি শুধু প্রকৃতির সৌন্দর্যের অংশ নয়। তারা বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি উপাদান। পূর্ণবয়স্ক প্রজাপতি ফুলের মধু সংগ্রহের সময় পরাগায়নে ভূমিকা রাখে। অন্যদিকে তাদের শুঁয়োপোকা পাখি, মাকড়সা ও অন্যান্য প্রাণীর খাদ্য। ফলে প্রজাপতির একটি প্রজাতির উপস্থিতি বা অনুপস্থিতি কোনো একটি নির্দিষ্ট এলাকার উদ্ভিদ ও প্রাণিজগতের পরিবর্তনেরও ইঙ্গিত দিতে পারে।
একসময় চোখ মেললেই দেখা মিলত নানা রঙের প্রজাপতি। হলুদ, নীল, সাদা কিংবা কমলা ডানায় তারা উড়ে বেড়াত ফুল থেকে ফুলে। শিশুরা ছুটত তাদের পেছনে, আর প্রকৃতির এ ক্ষুদ্র প্রাণীটি হয়ে উঠত ঋতু বদলের এক নীরব বার্তাবাহক। পরিচিত সেই দৃশ্য ধীরে ধীরেই বদলে যাচ্ছে। পৃথিবীর তাপমাত্রা বাড়ছে, পরিবর্তন হচ্ছে বৃষ্টিপাতের ধরন, হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক আবাসস্থল। আর এসব পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রজাপতিরাও বদলাচ্ছে তাদের বসতি। কোনো প্রজাতি চলে যাচ্ছে নতুন এলাকায়, কোনোটি উঠছে পাহাড়ের উঁচু ঢালে। আবার কোনোটি তার পুরোনো আবাসস্থলের বড় অংশ হারিয়ে দিগ্ভ্রান্ত। প্রজাপতির প্রতিটি পাখা যেন একেকটি জীবন্ত ছবি। যে ছবি দেখে শিল্পী খুঁজে পান সুর। কবি খুঁজে পান কবিতা, সাহিত্যিক খুঁজে পান প্রাঞ্জল ভাষা। হালকা মৃদু বায়ুতে অবিরাম ছলাৎ ছলাৎ নৃত্যে তার বিরামহীন আনন্দ। দিনভর তপ্ততা, যানবাহন আর মানুষের কোলাহল সব বেকারার প্রজাপতির কাছে।
প্রজাপতির এ রঙিন আবেদন এড়িয়ে যাওয়ার উপায় নেই কোনো প্রকৃতিপ্রেমীর। প্রজাপতিই সবচেয়ে রঙিন ও স্পন্দনশীল পতঙ্গ। তাই প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক প্রজাপতিকেই বলা হয় প্রকৃতির অলংকার। প্রজাপতি দেখতে যেমন সুন্দর, এর জন্মের প্রক্রিয়াটিও তেমনি অদ্ভুত। এদের জন্ম ডিম থেকেই হয়, কিন্তু ডিম থেকে সরাসরি প্রজাপতি বের হয় না। প্রথমে শুঁয়োপোকা বা লার্ভা বের হয়, এরপর সেই শুঁয়োপোকা একসময় রূপান্তরিত হয় পিউপাতে। তারপর অনিন্দ্য সুন্দর প্রজাপতিতে। মোট চারটি ধাপে প্রজাপতির জীবনচক্র সম্পন্ন হয়। জীবন চক্রের এই নির্দিষ্ট সময় একেক প্রজাতির জন্য একেক রকম। শুঁয়োপোকারা মূলত গাছের পাতা খায়। আর পূর্ণাঙ্গ প্রজাপতি খায় ফুলের মধু। এভাবেই এরা জীবনের পথে এগিয়ে চলে।
সম্প্রতি প্রকাশিত এক বৈশ্বিক গবেষণা সেই পরিবর্তনের পরিসরকে সামনে এনেছে। অস্ট্রেলিয়ার মনাশ ইউনিভার্সিটির গবেষক ড. শাওয়ান চৌধুরী ও তার সহকর্মীদের পরিচালিত 'এক্সটেনসিভ ক্লাইমেট-ইনডিউসড রেঞ্জ শিফটস ইন বাটারফ্লাইজ অ্যাক্রস দ্য গ্লোব' শীর্ষক গবেষণাটি গত ৫ আগস্ট নেচার ইকোলজি অ্যান্ড ইভোলিউশন জার্নালে প্রকাশিত হয়। গবেষণায় দেখা গেছে, বিশ্বের পরিচিত প্রজাপতির প্রজাতিগুলোর প্রতি ১০টির মধ্যে অন্তত একটি এরই মধ্যে তাদের বিস্তৃতির পরিসর বদলেছে। অর্থাৎ প্রজাপতির পৃথিবী আর আগের জায়গায় স্থির নেই। প্রজাপতির স্থান পরিবর্তনের বিষয়টি শুনলে প্রথমেই মনে হতে পারে—পৃথিবী উষ্ণ হচ্ছে, তাই তারা ঠান্ডা এলাকার দিকে সরে যাচ্ছে। বাস্তবতা অবশ্য এর চেয়ে অনেক জটিল।
৫৬৫টি গবেষণা ও ৬৮টি বিশেষজ্ঞ মূল্যায়ন থেকে ৬ হাজার ১৮০টির বেশি বিস্তৃতি পরিবর্তনের তথ্য বিশ্লেষণ করা হয়েছে গবেষণায়। এতে ১০৫ দেশের ১ হাজার ৭৫৮টি প্রজাতি অন্তর্ভুক্ত ছিল। দেখা গেছে, নথিভুক্ত প্রজাতিগুলোর প্রায় ৮০ শতাংশ কোনো না কোনোভাবে তাদের বিস্তৃতি বাড়িয়েছে। ২৭ শতাংশ প্রজাতির বিস্তৃতি কমেছে এবং ২২ শতাংশ পাহাড় বা ঢালের ওপর-নিচে তাদের অবস্থান বদলেছে। অনেক প্রজাতির ক্ষেত্রে একাধিক ধরনের পরিবর্তনও দেখা গেছে। এর অর্থ হলো, প্রজাপতিরা শুধু উত্তর বা দক্ষিণে সরে যাচ্ছে না। কেউ পূর্ব-পশ্চিমে বিস্তৃত হচ্ছে, কেউ পাহাড়ের ওপরের দিকে যাচ্ছে, আবার কোনো প্রজাতি নিচের দিকে নেমে আসছে। কোথাও নতুন প্রজাতির আগমন ঘটছে, কোথাও পুরোনো প্রজাতির উপস্থিতি কমে যাচ্ছে।
গবেষকদের মতে, জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার ঘটনাই প্রজাপতির বিস্তৃতি পরিবর্তনের সবচেয়ে বড় কারণ। তবে এর সঙ্গে যুক্ত হচ্ছে কৃষির সম্প্রসারণ, বন উজাড়, নগরায়ণ ও আবাসস্থল ধ্বংস। প্রজাপতির মতো এত সুন্দর পতঙ্গ সম্ভবত পৃথিবীতে আর নেই। কল্পনায় যত রং আঁকা যায়; তত রঙেরই প্রজাপতি থাকা সম্ভব। ফুল থেকে ফুলে, সমতল কিংবা পাহাড়ে, ঝোঁপেঝাড়ে, বাড়ির আঙিনায় গাছপালায়, নদীর কিনার থেকে গাছ পেরোনো উঁচুতে এদের হরদম ছুটে চলা। সবার মনে খুশির দোলা দিয়ে যায়। প্রজাপতি আকর্ষণীয় রঙের শীতল রক্তযুক্ত পতঙ্গ। সাধারণত প্রজাপতির শরীর লম্বাটে ও উজ্জ্বল হয়ে থাকে। উড়ে বেড়ায় দিনের বেলায়। তাপমাত্রা ৮২ থেকে ১০০ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলে প্রজাপতি খুব সহজেই চলাফেরা করতে পারে। প্রজাপতির ঘ্রাণ ও দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হয়। যা দিয়ে সে অনেক দূর থেকেই কাঙ্ক্ষিত ফুলের গন্ধ ও রং নিরূপণ করতে পারে।
প্রজাপতি সাধারণত ১২টি গোত্রে বিভক্ত। অ্যান্টার্কটিকা মহাদেশ বাদে পৃথিবীর সবখানেই প্রজাপতি আছে। বিশ্বব্যাপী ১৫ থেকে ২০ হাজার প্রজাতির প্রজাপতি আছে। বাংলাদেশে প্রায় ৪০০টি বিভিন্ন প্রজাতির প্রজাপতি চিহ্নিত করা গেছে বলে জানা যায়। প্রজাপতির পাখাগুলো আসলে এক ধরনের চিটিন নামক প্রোটিনের স্তর দিয়ে তৈরি হয়। যেগুলো তাদের উড়তে সহায়তা করে। স্বচ্ছ চিটিনের চারপাশে বেষ্টন করে থাকে হালকা তুলার মতো পদার্থ। তাই আলো পড়লেই প্রতিফলিত হয়ে বিভিন্ন রং ধারণ করে। বিভিন্ন জাতের ফুলের পরাগায়ন ও গাছের বংশবিস্তারে সাহায্য করে প্রজাপতি। তাদের খাদ্য তালিকায় আছে ফুলের রেণু, গাছের রস, পচা ফল, গোবর, পচনশীল মাংস অথবা ময়লায় দ্রবীভূত অবস্থায় থাকা খনিজ পদার্থ। প্রজাপতি বিভিন্ন গাছের ফুলকে জড়িয়ে ধরে এর রস আস্বাদন করে থাকে।
এরা সাধারণত ঘণ্টায় ১২-১৫ মাইল বেগে উড়তে পারে। একটি প্রজাপতির আয়ু মোটামুটি ২ থেকে ৪ সপ্তাহ। এতটুকু সময়ের মধ্যে তারা শুধু দু'টি কাজই করে থাকে—খাওয়া এবং প্রজনন করা। আমাদের দেশে যেসব প্রজাপতি দেখা যায়, তার মধ্যে উদয়াবল্লী, সাত ডোরা, নীরদ সিন্ধু, মনমেঘা, কস্তুরী শার্দূল, নীল ডোরা, চোরকাঁটা কমলা, নীল পুনম, কমলা শিখীপর্ণ, বনবেদে, নাবিক, রাই নকশি, হেমশুভ্র, চৈতালি দূত, গোতুম, তিলাইয়া পঞ্চতিলা, তিন্নি, নীল বিজুড়ী, মলয় মসলা, ইত্যাদি উল্লেখযোগ্য। প্রজাপতি দেখে প্রতিনিয়ত আমরা মুগ্ধ হলেও আমাদের ক'জনই বা তাদের সঠিক পরিচয় ও উপকারিতা সম্পর্কে জানি।
প্রজাপতি হলো পরিবেশ ও প্রকৃতির প্রাণ। প্রজাপতি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। অথচ আমরা সেই প্রজাপতি রক্ষার বিপরীতে ধ্বংস করছি। নির্বিচারে গাছপালা কেটে ফেলছি, বনভূমি ধ্বংস করে বসতভিটা নির্মাণ করছি। এতে প্রজাপতি বাসস্থান হারাচ্ছে, বংশবিস্তার করতে পারছে না। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা জলবায়ু পরিবর্তনে ব্যাপক প্রভাব ফেলছে। যত বেশি গাছ হবে; তত বেশি প্রজাপতি পাওয়া যাবে। তাই আমাদের সবার উচিত বেশি বেশি গাছ লাগানো। প্রজাপতির বিলুপ্তি ঠেকাতে বনাঞ্চল রক্ষা ও বনাঞ্চলে প্রজাপতি পার্ক তৈরির তাগিদ গবেষকদের। তাই সৌন্দর্যের প্রতীক প্রজাপতিকে টিকিয়ে রাখতে হলে গণসচেতনতার বিকল্প নেই।




মন্তব্য
(০)