বোতলজাত পানিতে প্লাস্টিক কণার পরিমাণ আগের ধারণার চেয়ে অনেক বেশি হতে পারে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা জানিয়েছে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বিশেষ লেজার প্রযুক্তি ব্যবহার করে দেখেছেন, এক লিটার বোতলের পানিতে গড়ে প্রায় ২ লাখ ৪০ হাজার প্লাস্টিক কণা থাকে। আগের গবেষকদের ধারণা ছিল, প্রতি লিটারে কণা থাকে পাঁচ হাজারের মতো।
এর সিংহভাগই ন্যানোপ্লাস্টিক, এত ক্ষুদ্র যে খালি চোখে তো নয়ই, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রেও ধরা পড়ে না। প্রতিবেদনে বলা হয়েছে, বোতলের ছিপি খোলার সময় ছিপি আর বোতলের ঘর্ষণে ক্ষুদ্র প্লাস্টিকের গুঁড়ো তৈরি হয়ে পানিতে মেশে; বোতল তৈরির কারখানা, পানি ভরার প্রক্রিয়া আর পরিবহনের সময়ও কণা ঢোকে।
স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিজ্ঞানীদের বক্তব্য, তুলনামূলক বড় প্লাস্টিক কণা পরিপাকতন্ত্র পেরিয়ে মলের সঙ্গে বেরিয়ে যায়। কিন্তু ক্ষুদ্র ন্যানোপ্লাস্টিক অন্ত্রের দেয়াল পেরিয়ে রক্তে মিশে যেতে পারে। রক্তপ্রবাহে ভেসে শরীরের টিস্যুতে জমে এগুলো দীর্ঘ মেয়াদে কতটা ক্ষতি করে, তা নিয়ে গবেষণা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ছবি: Midori / উইকিমিডিয়া কমন্স (CC BY 3.0)
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা




মন্তব্য
(০)