ইটভাটার মৌসুম শুরু হতেই দক্ষিণাঞ্চলে নতুন করে চালু হয়েছে শত শত অবৈধ ইটভাটা। সমকালের অনুসন্ধানে দেখা গেছে, বরিশাল বিভাগে অন্তত ৫০০ অবৈধ ভাটা আছে, যার বড় অংশ নদীবেষ্টিত চর ও দুর্গম এলাকায়। শুধু বরিশালের মেহেন্দীগঞ্জ ও হিজলা উপজেলাতেই শতাধিক অবৈধ ভাটা রয়েছে।
লোকালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে অবৈধ ড্রাম চিমনি ও ১২০ ফুট ফিক্সড চিমনিতে এসব ভাটা চলছে। অধিকাংশ ভাটায় কয়লার বদলে পোড়ানো হচ্ছে বনের কাঠ। নদীতীর ও কৃষিজমিতে গড়ে ওঠা ভাটার ধোঁয়ায় স্থানীয়রা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
ভাটা মালিকদের কেউ কেউ প্রকাশ্যেই পরিবেশ অধিদপ্তরকে "ম্যানেজ" করার কথা বলছেন বলে সমকাল জানিয়েছে। মেহেন্দীগঞ্জের জাঙ্গালিয়ায় নদীভাঙনের পর নতুন জায়গায় "থ্রি স্টার" নামে ড্রাম চিমনির ভাটা চালু করা আনিচুর রহমান এমন স্বীকারোক্তি দিয়েছেন। ২০১৩ সাল থেকে হিজলার মেমানিয়ায় "লামিয়া ব্রিকস" চালানো ফরিদ বেপারীর ভাষ্য, বৈধ কাগজ করতে যে হয়রানি ও খরচ, তার চেয়ে কম টাকায় দপ্তর ম্যানেজ করে ভাটা চালানো যায়।
অভিযোগ অস্বীকার করে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. মুজাহিদুল ইসলাম বলেন, তাঁদের হিসাবে অবৈধ ইটভাটা দুইশর কিছু বেশি। গত এপ্রিলে আগের ম্যাজিস্ট্রেট বদলি হওয়ার পর থেকে বরিশালে দপ্তরের একমাত্র ম্যাজিস্ট্রেট পদটি শূন্য, জেলা প্রশাসনের কাছ থেকে সময়মতো ম্যাজিস্ট্রেট না পাওয়ায় মৌসুমের শুরুতে নিয়মিত অভিযান চালানো কঠিন হচ্ছে।
সম্প্রতি ঢাকা থেকে আসা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে বাবুগঞ্জ, উজিরপুর ও মুলাদীতে ৭টি অবৈধ ভাটা ভেঙে দেওয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন জানান, ম্যাজিস্ট্রেট পাওয়া সাপেক্ষে আরও কয়েকটিতে অভিযান হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বরিশাল শাখা এবং বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলছেন, ম্যাজিস্ট্রেট বা জনবল সংকটের অজুহাত গ্রহণযোগ্য নয়; ঘুষের বিনিময়ে লোকালয়ে অবৈধ ভাটা চলতে দিলে দক্ষিণাঞ্চলের কৃষিজমি ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকিতে পড়বে। তাঁরা দ্রুত সব অবৈধ ভাটা বন্ধের দাবি জানিয়েছেন।
ছবি: Frameofashik / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: সমকাল





মন্তব্য
(০)