আবাসস্থল ও চলাচলের পথ (করিডোর) সংকুচিত হওয়া, সড়ক নির্মাণ, হত্যা, পাচার ও শিকারের কারণে গত ৯ বছরে দেশে ১৪৬টি হাতির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ট্রিবিউন। ২০১৬ সালে দেশে হাতির আনুমানিক সংখ্যা ছিল ২৬৮টি; এরপর একের পর এক মৃত্যুতে বিপন্ন এই প্রাণীর অস্তিত্ব এখন ঝুঁকিতে।
মানুষের বসতি ও চাষাবাদ বেড়ে যাওয়া এবং বনে খাবারের অভাবে হাতি ও মানুষের সংঘাত বাড়ছে। খাবারের খোঁজে বনের হাতি লোকালয়ে ঢুকে ফসল ও বাগান নষ্ট করছে, হাতি তাড়াতে গিয়ে আহত হচ্ছেন স্থানীয়রা।
এতে ক্ষুব্ধ হয়ে কেউ কেউ গুলি ও বিষ প্রয়োগ করছেন, তাতে প্রাণ হারাচ্ছে হাতি। রেললাইনে কাটা পড়ে, বৈদ্যুতিক ফাঁদে আটকে এবং জলবায়ুর প্রভাবেও হাতির মৃত্যু বাড়ছে।
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, হাতির চলাচলের পথ ও আবাসস্থল রক্ষা এবং মানুষ ও হাতির সংঘাত কমাতে কার্যকর উদ্যোগ না নিলে প্রাণীটিকে টিকিয়ে রাখা কঠিন হবে।
ছবি: AKM Emdadul Islam Bitu / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: ঢাকা ট্রিবিউন





মন্তব্য
(০)