তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১-এ বুধবার (১১ নভেম্বর) এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও তুরস্কের মধ্যে ১৬০ কোটি (১.৬ বিলিয়ন) মার্কিন ডলারের জলবায়ু অর্থায়ন চুক্তি সই হয়েছে। এআইআইবি জানিয়েছে, জলবায়ুনীতিভিত্তিক অর্থায়নে এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় প্যাকেজ।
ঋণের লক্ষ্য তুরস্কে নির্গমন বাণিজ্য (এমিশন ট্রেডিং) চালু করা, বিভিন্ন খাতে কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতীয় সক্ষমতা বাড়ানো। এআইআইবির পরিচালনা পর্ষদ ২২ অক্টোবর প্যাকেজটি অনুমোদন করে। এটি তুরস্কের জলবায়ু আইন বাস্তবায়ন ও দ্বিতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) অর্জনে সহায়তা করবে। তুরস্ক ২০৫৩ সালের মধ্যে নেট-জিরো নিঃসরণের লক্ষ্য নিয়েছে, সঙ্গে আছে ২০৩৫ সালের অন্তর্বর্তী লক্ষ্য।
প্যাকেজটি দুই সমান ভাগে বিভক্ত: ‘তুরস্ক ক্লাইমেট অ্যাকশন অ্যাক্সিলারেশন প্রোগ্রাম’-এর আওতায় নীতিভিত্তিক ঋণ, আর খাদ্য নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা সুবিধা থেকে অতিরিক্ত অর্থায়ন।
কর্মসূচির তিনটি ভিত্তি: নির্গমন বাণিজ্য ও সবুজ অর্থায়ন কাঠামো চালুর মাধ্যমে টেকসই অর্থায়ন; জাতীয় নিঃসরণ কমানোর কৌশল হালনাগাদ করে শিল্প ও অর্থনীতির খাতগুলোতে প্রয়োগ; এবং স্থানীয় অভিযোজন পরিকল্পনা জোরদার করে পানি, বাস্তুতন্ত্র ও জনস্বাস্থ্যে জলবায়ু ঝুঁকি কমানো। তুরস্কের ট্রেজারি ও অর্থ মন্ত্রণালয় মূল বাস্তবায়নকারী, কারিগরি দিক দেখবে পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। কার্যক্রম ছড়াবে দেশের ৮১টি প্রদেশে।
এআইআইবির পাবলিক সেক্টর ও গ্লোবাল করপোরেট প্রধান কনস্টান্টিন লিমিভস্কি বলেন, কপ৩১-এর আসল জোর বাস্তবায়নে, আর তুরস্কের জলবায়ু সংস্কারকে সমর্থন করতে পেরে তাঁরা গর্বিত। এটি এআইআইবির ইতিহাসে সবচেয়ে বড় জলবায়ু ঋণ সুবিধা।
২০১৬ সালে কার্যক্রম শুরু করা এআইআইবির মূলধন ১০০ বিলিয়ন ডলার, অনুমোদিত সদস্য ১১১। তুরস্কে সংস্থাটি এ পর্যন্ত ৪৮টি প্রকল্পে ১১.০৬ বিলিয়ন ডলার অনুমোদন করেছে। চলতি বছর ২৪ অক্টোবর পর্যন্ত নয়টি প্রকল্পে দিয়েছে ৩.৮৯ বিলিয়ন ডলার, যার প্রায় ৯৫ শতাংশ (৩.৬৯ বিলিয়ন ডলার) জলবায়ু অর্থায়ন। প্রতিবেদনটি করেছেন সারাবাংলার উজ্জল জিসান।
সূত্র: সারাবাংলা




মন্তব্য
(০)