মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের আশেপাশের কয়েকটি এলাকায় বন্য শূকর ও বানরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন কৃষকরা। ফসল রক্ষায় এখন রাত জেগে মাচাংয়ে বসে পাহারা দিতে হচ্ছে তাদের। ফসলি জমির পাশাপাশি বসতবাড়ির কলাগাছ ও বিভিন্ন ফলদ গাছেও হানা দিচ্ছে বন্য প্রাণী। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা।
কৃষকদের অভিযোগ, বিশেষ করে আউশ ও আমন ধান পাকার আগমুহূর্তে বন্য শূকর ও বানরের দল ফসলি জমিতে হানা দিয়ে ব্যাপক ক্ষতি করে। এ কারণে জমির ফসল রক্ষায় কৃষকরা নিজেরাই বাঁশ ও কাঠ দিয়ে উঁচু মাচাং তৈরি করে রাতভর পাহারা দিচ্ছেন। একটা মাচাং তৈরি করতেই খরচ হচ্ছে প্রায় ২ থেকে ৩ হাজার টাকা। মাচাং তৈরি করে পাহারা না দিলে বন্য শূকরের আক্রমণে ফসল রক্ষা করা কঠিন হয়ে পড়ে। এছাড়াও ফসল রক্ষার জন্য লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে কৃষকদেরকে।
স্থানীয়রা বলেন, বন্য শূকরের আক্রমণ শুধু ফসলের ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়, মানুষের নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগে ফুলবাড়ী চা বাগানে দুই শ্রমিককে আক্রমণ করে আহত করেছিল বন্য শূকর। ফলে সন্ধ্যার পর চলাচলেও আতঙ্কে থাকেন অনেকে।
দক্ষিণ বালিগাঁও এলাকার বাসিন্দা কৃষক আলম মিয়া বলেন, লাউয়াছড়া বনের জায়গা দখল হয়ে বনভূমির পরিমাণ কমে যাওয়ায় বন্য প্রাণীর আবাসস্থল ও খাবারের সংকট তৈরি হয়েছে। ফলে বন্য শূকর ও বানর রাতে লোকালয়ে এসে কৃষকের ফসলি জমিতে আক্রমণ করছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে।
স্থানীয় মো. আবু মিয়া বলেন, শুধু ফসলি জমি নয়, বসতবাড়ির কলাগাছসহ বিভিন্ন ধরনের ফলদ গাছেরও ক্ষতি করছে বন্য প্রাণী। দিনের বেলায় বানরের যন্ত্রণা আর রাতে বন্য শূকরের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন তারা। বিশেষ করে ধান পাকার সময় বন্য প্রাণীর আক্রমণ বেড়ে যায়। তাই বাধ্য হয়ে কৃষকদের রাত জেগে ফসল পাহারা দিতে হচ্ছে।
তিনি আরও বলেন, রাতে মাচাংয়ে বসে কৃষকরা চিৎকার করেন। পাশাপাশি টিন ও প্লাস্টিকের ড্রাম বাজিয়ে শব্দ করে বন্য প্রাণী তাড়ানোর চেষ্টা করেন। কিন্তু এতে কৃষকদের রাতের ঘুম হারাম হওয়ার পাশাপাশি বাড়তি অর্থ ও শ্রম ব্যয় হচ্ছে।
বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন সেভ ওয়াইল্ড লাইফ অ্যান্ড ন্যাচারের মৌলভীবাজারের সহ সভাপতি মো. আব্দুল কাইয়ুম বলেন, লাউয়াছড়া জাতীয় উদ্যানের এক হাজার ২৫০ হেক্টর এলাকার অধিকাংশ জায়গা দখল হয়ে সেখানে লেবু ও পান চাষ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। বনভূমি দখল ও আবাসস্থল সংকুচিত হওয়ার কারণে বন্য প্রাণীরা তাদের স্বাভাবিক আবাসস্থল হারিয়ে খাবারের সন্ধানে লোকালয়ে আসছে। এর ফলে মানুষ ও বন্য প্রাণীর মধ্যে সংঘাত বাড়ছে।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, যে সব এলাকায় বন্য প্রাণীরা খাবারের জন্য হানা দিচ্ছে এসব এলাকা চিহ্নিত করবো। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিট কর্মকর্তার সঙ্গে আলোচনা করবো। আসলে বনের প্রাণীদেরকে চাইলেই আটকানো সম্ভব নয়। তবে বিষয়টি আমরা গুরুত্বসহকারে দেখছি কী করা যায়।
মাহিদুল ইসলাম/এসজেডএইচ/এএসএম




মন্তব্য
(০)