আগস্টের বন্যার তিন মাস পরও যেসব পরিবার ঘরবাড়ি, ফসলি জমি, গবাদিপশু ও অন্যান্য উৎপাদনশীল সম্পদ হারিয়েছে, হিমালয়ের শীত শুরু হওয়ায় তারা নতুন করে কষ্টে পড়েছে বলে কাঠমান্ডু থেকে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। ক্ষতিগ্রস্ত সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থার কারণে মানুষ এখনো বাজার, সেবা ও কাজ থেকে বিচ্ছিন্ন; সম্পদ হারিয়ে পরিবারের আয় ও খাদ্য নিরাপত্তা দুর্বল হয়েছে, যা শীতে আরও খারাপ হতে পারে।
প্রথম সপ্তাহগুলোতে সরকারের নেতৃত্বে চলা জরুরি সাড়ায় ডব্লিউএফপি ২০ হাজারের বেশি মানুষকে খাদ্য সহায়তা দেয়, এরপর ২২ হাজার ৪০০ জনকে বহুমুখী নগদ সহায়তা। ভাঙা সড়কে বিচ্ছিন্ন এলাকাগুলোতে নিজের ও অংশীদারদের জন্য ট্রাক, হেলিকপ্টার ও কার্গো ড্রোনে ৯১৯ টন মানবিক মালামালও পৌঁছে দেয় সংস্থাটি।
পুনরুদ্ধারের একটি বড় কাজ কৃষিপণ্য বাজারে পৌঁছানো। এখনো বিচ্ছিন্ন এলাকায় স্থানীয় জনগোষ্ঠী ও কর্তৃপক্ষের সঙ্গে মিলে কৃষিপণ্য চলাচল সচল রেখেছে ডব্লিউএফপি; রসুয়া থেকে নদীর ওপারের বাজারে কপিকল-চালিত রোপওয়েতে তাজা পণ্য পাঠানো হয়েছে। এতে কৃষকেরা ক্রেতার সঙ্গে আবার যুক্ত হয়েছেন, তাঁদের আয় রক্ষা পেয়েছে এবং স্থায়ী অবকাঠামো মেরামতের সময়েও স্থানীয় খাদ্যের সরবরাহ টিকে ছিল।
নেপালে ডব্লিউএফপির উপ-দেশ পরিচালক আন্দ্রেয়া বেরার্দো (Andrea Berardo) বলেন, "পুনরুদ্ধার মানে শুধু সড়ক আর সেতু মেরামত নয়। এর মানে কৃষকদের আবার বাজারে পৌঁছাতে সাহায্য করা, পরিবারের আয় ফেরানো এবং প্রতিটি পরিবার যেন পুষ্টিকর খাবার পায় তা নিশ্চিত করা।" তিনি জানান, উঁচু এলাকার অনেক পরিবার এখনো অস্থায়ী আশ্রয়ে আছে।
নেপালের জাতীয় পরিকল্পনা কমিশনের চলতি মাসে প্রকাশিত এক মূল্যায়নে আবাসন, পরিবহন, জ্বালানি, জীবিকা ও স্থানীয় অর্থনীতিতে ব্যাপক ক্ষতির চিত্র এসেছে; পুনরুদ্ধার ও পুনর্গঠনে প্রয়োজন ধরা হয়েছে ৭০,৬৬৫ কোটি নেপালি রুপি, প্রায় ৫২০ কোটি ডলার। এক বছরের পুনরুদ্ধারকালীন খাদ্য নিরাপত্তা ও পুষ্টির চাহিদা মেটাতে বাড়তি ২ কোটি ৮০ লাখ ডলার লাগবে বলে হিসাব করেছে ডব্লিউএফপি।
ছবি: Pkafle / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: ডব্লিউএফপি





মন্তব্য
(০)