ভারত তার পুরোনো রোগপ্রবণ এলাকায় যে কালাজ্বর প্রায় নির্মূল করেছে, বেলেমাছিবাহিত সেই রোগ এখন ধরা পড়ছে উত্তরাখণ্ডের পাহাড়ে, যে রাজ্যকে এতদিন এ রোগের জন্য বেশি ঠান্ডা ও শুষ্ক বলে ধরা হতো। অথচ অনেক রোগীর নামই রাজ্যের নথিতে ওঠে না। মোঙ্গাবে ইন্ডিয়ার (Mongabay India) এক অনুসন্ধানে এসব তথ্য তুলে ধরেছেন প্রতিবেদক আত্রেয়ী ধর ও স্বাতী থাপা।
তথ্য অধিকার আইনে পাওয়া নথি বলছে, দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতিবছর উত্তরাখণ্ড থেকে কালাজ্বরের রোগী পেয়েছে, মোট ৩৩ জন। একইভাবে জানতে চাইলে উত্তরাখণ্ডের জাতীয় স্বাস্থ্য মিশন জানায়, ২০১৭ সালে দুজন রোগী ছিল, আর ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত একজনও নয়। দিল্লি বা চণ্ডীগড়ে চিকিৎসা নেওয়া রোগীরা সেসব হাসপাতালের খাতায় থাকেন, রাজ্যের খাতায় নয়; উত্তরাখণ্ডে কালাজ্বর নির্মূলের আলাদা কোনো কর্মসূচিও পাওয়া যায়নি।
কালাজ্বর বা ভিসেরাল লেশম্যানিয়াসিসের জীবাণু লেশম্যানিয়া ডোনোভানি নামের পরজীবী, যা ছড়ায় স্ত্রী বেলেমাছি ফ্লেবোটোমাস আর্জেন্টিপেসের কামড়ে। মাসের পর মাস জ্বর, প্লীহা ও যকৃৎ বড় হয়ে যাওয়া, রক্তস্বল্পতা আর ওজন কমা এর লক্ষণ; চিকিৎসা না হলে মৃত্যুহার ৭৫ শতাংশ বলে জানা যায়। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও উত্তর প্রদেশে রোগটি স্থানীয়ভাবে চলে আসছে, যেখানে এক গবেষণার হিসাবে ৫৪টি জেলার ১৬ কোটি ৫৪ লাখ মানুষ ঝুঁকিতে। ২০২৫ সালের জুলাইয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রোগপ্রবণ রাজ্যগুলোর ৫৪ জেলার ৬৩৩টি ব্লকে প্রতি ১০ হাজারে একজনের কম রোগীর লক্ষ্য অর্জিত হয়েছে।
পাহাড়ের রোগীরা আলাদা। এইমস ঋষিকেশের চিকিৎসকেরা ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে উঁচু এলাকার এমন সাতজন রোগী পান, যাঁরা কখনো রোগপ্রবণ এলাকায় যাননি; ২০১৪ সালের এক গবেষণায় গাড়োয়ালে বেড়ে ওঠা শিশুদের মধ্যেও রোগী পাওয়া যায়। পিথোরাগড় জেলার ১,৭০০ মিটারের বেশি উঁচু এক গ্রামের পাঁচ বছরের এক শিশু ২০২০ সালে এ রোগে মারা যায়। রোগ ধরা পড়ার আগে বাড়ি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের হাসপাতালে হাসপাতালে ঘুরে পরিবারগুলোর লাখ লাখ রুপি খরচ হয়েছে।
গবেষকেরা পরিবেশগত দুটি কারণের কথা বলছেন: তাপমাত্রা বাড়ায় বেলেমাছি আরও উঁচুতে টিকে থাকতে পারছে, আর সড়ক, বাঁধের জলাধারসহ নির্মাণকাজ তৈরি করছে নতুন আবাস। হলদোয়ানির সুশীলা তিওয়ারি হাসপাতালের ড. প্রভাত পন্ত বলেন, "আবহাওয়া বদলে গেছে।" নেপালে ফ্লেবোটোমাস আর্জেন্টিপেস পাওয়া গেছে ১,৭৬৪ মিটার উচ্চতায়, অথচ একসময় ৬০০ মিটারকে এর ঊর্ধ্বসীমা ধরা হতো।
গবাদিপশুর সঙ্গেও এর যোগ আছে। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) সঙ্গে ড. শ্যাম সুন্দরের দলের এক গবেষণায় দেখা যায়, এই বেলেমাছি গবাদিপশুর প্রতি প্রবলভাবে আকৃষ্ট; বিহারের কিছু এলাকায় ঘরের চেয়ে গোয়ালঘরে বেশি মাছি মিলেছে। পরীক্ষা করা কুকুরের ৩০ শতাংশের শরীরে লেশম্যানিয়ার অ্যান্টিবডি পাওয়া গেছে, যদিও মানুষের সংক্রমণে তাদের ভূমিকা প্রমাণিত নয়। মুজাফফরপুরের কালাজ্বর মেডিকেল রিসার্চ সেন্টারের কীটতত্ত্ববিদ রাহুল চৌবে সতর্ক করেন, শুধু ঘরের ভেতরে কীটনাশক ছিটালে মাছি বাইরে ও কীটনাশকহীন গোয়ালঘরের দিকে সরে যেতে পারে।
এ অঞ্চলে রোগটির ইতিহাস দীর্ঘ: সবচেয়ে পুরোনো নথিভুক্ত প্রাদুর্ভাবগুলোর একটি হয়েছিল ১৮২৪-১৮২৫ সালে বর্তমান বাংলাদেশের যশোরে, তিন বছরে প্রায় সাড়ে সাত লাখ মানুষ মারা যায় বলে জানা যায়। ড্রাগস ফর নেগলেক্টেড ডিজিজেস ইনিশিয়েটিভের ড. সঞ্জয় সারিন বলেন, ভারতের অগ্রগতি বড় অর্জন, কিন্তু এখানেই লড়াই শেষ নয়; এটি ধরে রাখতে নজরদারি, সময়মতো রোগনির্ণয় ও বাহক নিয়ন্ত্রণে নতুন পথ দরকার।
ছবি: USDA Agricultural Research Service / উইকিমিডিয়া কমন্স (Public domain)
সূত্র: Mongabay India




মন্তব্য
(০)