অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে যাওয়ায় (অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স) দেশে প্রতি বছর প্রায় সোয়া লাখ মানুষ মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত। এর চেয়েও বেশি রোগীকে দীর্ঘ সময় হাসপাতালে থাকতে হয়, বাড়ে চিকিৎসার খরচ।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বনানীর একটি হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মূল্যায়ন পদ্ধতিতে চিকিৎসা, ফার্মেসি ও নার্সিং শিক্ষার পাঠ্যক্রম পর্যালোচনার কর্মশালায় তিনি প্রধান অতিথি ছিলেন। সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও ডব্লিউএইচও যৌথভাবে কাজটি করছে বলে সারাবাংলা জানিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসক ও রোগীর আচরণ না বদলালে শুধু জ্ঞান বা সচেতনতায় এ সংকট সামলানো যাবে না। ব্যবস্থাপত্র ছাড়া ‘ওভার দ্য কাউন্টার’ অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে সুনির্দিষ্ট নীতিমালা ও তার কঠোর প্রয়োগ জরুরি।
তিনি জানান, যথেচ্ছ ব্যবহার ঠেকাতে সরকার ই-হেলথ ব্যবস্থা চালু করছে, যাতে ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ও ইলেকট্রনিক প্রেসক্রিপশন থাকবে এবং সবকিছু ডিজিটাল নজরদারিতে আসবে। দেশের সরকারি হাসপাতালের ফার্মেসিগুলোকে একটি সমন্বিত নেটওয়ার্কে আনা হবে, যাতে বিনামূল্যের ওষুধের অপচয় কমে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. নাজমুল হোসেন বলেন, কোন রোগে কোন অ্যান্টিবায়োটিক দিতে হবে, তার প্রটোকল থাকলেও অনেক শীর্ষ চিকিৎসক ও মেডিসিনের অধ্যাপক সে সম্পর্কে জানেন না; পাঠ্যক্রমে এ ঘাটতি পূরণ করতে হবে।
কর্মশালায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএমইর পরিচালক অধ্যাপক ডা. শামীমা রহমান। বক্তব্য দেন ডব্লিউএইচও বাংলাদেশের সিনিয়র হেলথ পলিসি অ্যাডভাইজর সাংগে ওয়াংমো, অতিরিক্ত সচিব শবনম মুস্তারি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম।
ছবি: Tomchiukc / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 3.0)
সূত্র: সারাবাংলা



মন্তব্য
(০)