রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে জৈব বালাইনাশক কিনতে আগ্রহী দেশের অর্ধেকের বেশি কৃষক। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষণায় জরিপে অংশ নেওয়া কৃষকদের ৫২ দশমিক ৭ শতাংশ জৈব বালাইনাশক পণ্যে অর্থ ব্যয়ে আগ্রহ দেখিয়েছেন।
কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান ও অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২২০ জন কৃষকের ওপর জরিপটি চালানো হয়। ফলাফল সম্প্রতি একটি আন্তর্জাতিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে বলে দেশ রূপান্তর জানিয়েছে।
গবেষণায় কীটনাশক ব্যবহারের ঝুঁকিও স্পষ্ট। প্রায় ৬০ শতাংশ কৃষক কীটনাশক দেওয়ার সময় কোনো সুরক্ষাসামগ্রী পরেন না, অনেকে মাথাব্যথা, দুর্বলতা, ত্বকে জ্বালাপোড়া ও চুলকানির কথা জানিয়েছেন। ৫৬ শতাংশ কীটনাশক রাখেন বসার বা শোবার ঘরে, ৩০ শতাংশ গুদামে, ১৪ শতাংশ ঘরের বাইরে। ৭৫ শতাংশ কৃষক খালি প্যাকেট ও বোতল খোলা মাঠে ফেলেন, ডাস্টবিনে ফেলেন মাত্র ১৪ শতাংশ। নিরাপদ ব্যবহারের প্রশিক্ষণ পেয়েছেন মাত্র ১৪ শতাংশ।
প্রয়োগে ৮১ শতাংশ কৃষক হাইড্রোলিক স্প্রেয়ার ব্যবহার করেন, ১১ শতাংশ হাতে এবং ৮ শতাংশ ফোলিয়ার স্প্রে পদ্ধতিতে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৯৪ শতাংশের বেশি কৃষক রাসায়নিক বালাইনাশক ব্যবহার করেন; সত্তরের দশকে বছরে প্রায় চার হাজার মেট্রিক টন ব্যবহৃত হলেও এখন তা ৪০ থেকে ৪৫ হাজার মেট্রিক টন। শাকসবজি, ধান, চা ও ফলে কার্বামেট ও অর্গানোফসফেট জাতীয় কীটনাশক বেশি চলে।
জৈব দমনের কোন পদ্ধতি কৃষকেরা জানেন, তাও দেখেছেন গবেষকেরা। প্রায় অর্ধেক কৃষক সেক্স ফেরোমন ফাঁদ, ট্রাইকো কম্পোস্ট এবং মাটির উন্নয়নে হাঁস-মুরগির বিষ্ঠা চেনেন ও ব্যবহার করেন। তবে হলুদ আঠালো ফাঁদ ও আবাসস্থল ব্যবস্থাপনা (হ্যাবিট্যাট ম্যানিপুলেশন) সম্পর্কে ধারণা কম।
জৈব বালাইনাশক তৈরি হয় উদ্ভিদ, ব্যাকটেরিয়া, ছত্রাকসহ প্রাকৃতিক উৎস থেকে; নির্দিষ্ট পোকা ও রোগজীবাণু দমন করে এবং মাটির অণুজীব, কেঁচো ও মৌমাছির মতো উপকারী প্রাণীর ক্ষতি তুলনামূলক কম করে। তবে কিছু পণ্য ধীরে কাজ করে, কার্যকারিতা পণ্য, প্রয়োগপদ্ধতি ও পরিবেশের ওপর নির্ভর করে, সংরক্ষণেও যত্ন লাগে।
গবেষকেরা বলছেন, শুধু বাজারে পণ্য থাকলেই ব্যবহার বাড়বে না। কৃষক মাঠ স্কুল, প্রদর্শনী প্লট ও হাতে-কলমে প্রশিক্ষণে কার্যকারিতা দেখাতে হবে; রেডিও, টেলিভিশন ও সামাজিক মাধ্যমে স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্রচার চালাতে হবে, আর ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য সরকারি সহায়তা ও প্রণোদনার কথা বিবেচনা করতে হবে।
সূত্র: দেশ রূপান্তর



মন্তব্য
(০)