শুঁটকি বাজারে সকাল সকাল জমে ওঠেছে অন্যরকম ব্যস্ততা। হাক-ডাক। একদিকে নিলাম চলছে, অন্যদিকে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। চারদিকে শুঁটকির গন্ধ। কত নাম আর কত জাতের শুঁটকি যেন গুণে শেষ করা যাবে না।
উত্তরের বাণিজ্যিক শহর নীলফামারীর সৈয়দপুর টার্মিনাল রোডের এই বাজারটি মূলত উত্তরবঙ্গের শুঁটকিবাজারের হাব। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুঁটকি মাছ আসে। আসে দেশের বাইরে থেকেও। ভারত, মিয়ানমার থেকে আসা শুঁটকি মাছও এই বাজারে পাওয়া যায়। আবার এখান থেকে শুঁটকি মাছ চলে যায় উত্তরবঙ্গের বিভিন্ন বাজারে।
এই শুঁটকি বাজারে বাণিজ্য হয় তিনটি ধাপে। প্রথম ধাপে উপকূলবর্তী শুঁটকি উৎপাদনকারীদের পাঠিয়ে দেওয়া শুঁটকি এই বাজারের মহাজনেরা ডাকে তোলেন। ডাকে কিনে নেন এই বাজারের পাইকারি বিক্রেতারা। তারা তাদের নিজেদের দোকানে বিক্রয়ের জন্য সাজিয়ে রাখেন। দ্বিতীয় ধাপে বিভিন্ন শহর থেকে আসা পাইকারি ক্রেতারা সেইসব শুঁটকি কিনে নেন তাদের শহরে বিক্রির জন্য। তৃতীয় ধাপে এই বাজারের শুঁটকি রপ্তানি হয় বিভিন্ন দেশে।





মন্তব্য
(০)