ভারতের গ্রামোন্নয়ন মন্ত্রণালয় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) আইন, ২০২৫, সংক্ষেপে ভিবি-জি রাম জি, এর আওতায় ৩৭৫টি কাজের অনুমোদিত তালিকা প্রকাশ করেছে। আগের এমজিএনআরইজিএ কাঠামোতে অনুমোদিত কাজ ছিল ২৬৬টি, অর্থাৎ পরিধি বেড়েছে ৪১ শতাংশ। ৬ অক্টোবর এ খবর দিয়েছে রুরাল ভয়েস।
৩৭৫টির মধ্যে ১৮১টি কাজ কৃষি ও কৃষিসংশ্লিষ্ট খাতের, যার মধ্যে আছে পানি, ভূমি উন্নয়ন, বাগান, গবাদিপশু এবং কৃষকের সরাসরি কাজে লাগে এমন উৎপাদনশীল সম্পদ। নতুন তালিকা চারটি স্তম্ভে সাজানো: পানি নিরাপত্তা, মৌলিক গ্রামীণ অবকাঠামো, জীবিকাভিত্তিক অবকাঠামো, এবং চরম আবহাওয়া ও দুর্যোগ প্রস্তুতির বিশেষ কাজ।
সবচেয়ে বেশি, ১২৮টি কাজ পানি নিরাপত্তায়: চেকড্যাম, গালি প্লাগ, মাটির নিচের বাঁধ, পুনর্ভরণ শ্যাফট ও ইনজেকশন কূপ, নদী ও খাল পুনরুজ্জীবন, জলাবদ্ধ জমি উদ্ধার, মাঠের সেচনালা সংস্কার, ড্রিপ ও স্প্রিংকলার সেচ, ছাদের বৃষ্টির পানি সংরক্ষণ, ট্যাঙ্কা, বরফস্তূপ (আইস স্তূপা) ও কৃত্রিম হিমবাহ।
জীবিকাভিত্তিক কাজ বেড়ে হয়েছে ৯৮টি, মোটের ২৬ শতাংশ, যা আগে ছিল মাত্র ১.১ শতাংশ। এর মধ্যে আছে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, বাছাই, গ্রেডিং ও প্যাকেজিং সুবিধা, হিমাগার, দুগ্ধ অবকাঠামো, মাশরুম ও রেশম চাষের ঘর, পলিহাউস, মাছচাষের কাঠামো ও বাজার চত্বর। মৌলিক গ্রামীণ অবকাঠামোয় ১১১টি কাজ, সৌর সড়কবাতি ও বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র থেকে প্রাণিচিকিৎসা ও স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত; আর দুর্যোগের নতুন বিভাগে ৩৮টি কাজ, যেমন বন্যা আশ্রয়কেন্দ্র, বাঁধ মজবুতকরণ ও বনের আগুন নিয়ন্ত্রণ।
সবচেয়ে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ পরিবারের জন্য ১০৭টি কাজ চিহ্নিত, যার ৬৮টি ব্যক্তিগত সুবিধাভোগীর; নারী ও তরুণদের দলের জন্য ৩৬টি করে। সব কাজ গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে ঠিক হবে, গ্রামসভা অনুমোদন দেবে, আর ডিজিটাল ব্যবস্থায় নজরদারি করা হবে, যাতে একই বিনিয়োগ দুবার না হয় বলে জানিয়েছে সরকার।
ছবি: Mulkh Singh / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: Rural Voice



মন্তব্য
(০)