শকুন সংরক্ষণ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন বসছে সুন্দরবনে, একটি জাহাজে। ২৪ ও ২৬ নভেম্বর করমজল এলাকার কাছে অনুষ্ঠেয় এ সম্মেলনে বাংলাদেশসহ ১০টি দেশের ৪১ জন বিশেষজ্ঞ, গবেষক, সংরক্ষণকর্মী ও সরকারি প্রতিনিধির অংশ নেওয়ার কথা।
সম্মেলনটি সেভিং এশিয়াস ভলচার্স ফ্রম এক্সটিংশনের (সেভ) বার্ষিক সভা। বন বিভাগের উদ্যোগে আইইউসিএন বাংলাদেশ, সেভ, বার্ডলাইফ ইন্টারন্যাশনাল, রয়্যাল সোসাইটি ফর দ্য প্রোটেকশন অব বার্ডস (আরএসপিবি), স্কোপ ফাউন্ডেশন ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনসহ কয়েকটি সংস্থা এটি আয়োজন করছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফাহমিদা খানম ও প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরীর উপস্থিত থাকার কথা।
দেশ রূপান্তর জানিয়েছে, চার-পাঁচ দশক আগে দেশে প্রায় ৫০ হাজার শকুন ছিল বলে ধারণা করা হয়। বন বিভাগ ও আইইউসিএনের ২০২৩ সালের শুমারিতে পাওয়া যায় ২৬৭টি, আইইউসিএনের পরের হিসাবে প্রায় ২৪৮টি। দ্রুত পতন কিছুটা থামলেও প্রজাতিটি এখনো চরম ঝুঁকিতে।
শকুন কমার বড় কারণ গবাদিপশুর চিকিৎসায় ব্যবহৃত ব্যথানাশক। ডাইক্লোফেনাক দেওয়া পশু মারা গেলে তার দেহ খেয়ে শকুনের কিডনি বিকল হয়ে যেতে পারে। বাংলাদেশে পশুচিকিৎসায় ডাইক্লোফেনাক নিষিদ্ধ হয় ২০১০ সালে। গবেষণায় দেখা গেছে, একসময় সবচেয়ে বেশি ব্যবহৃত ক্ষতিকর ওষুধ ছিল কেটোপ্রোফেন; ২০২৩ সালে নিষিদ্ধের পর ২০২৪ সালে বাজারে এর উপস্থিতি এক শতাংশের নিচে নামে।
নতুন উদ্বেগ ফ্লুনিক্সিন নামের আরেক ব্যথানাশক। বাংলাদেশে এর ব্যবহার দ্রুত বাড়ছে, অথচ দক্ষিণ এশিয়ায় শকুনের বিচরণভুক্ত কোনো দেশে এটি এখনো নিষিদ্ধ হয়নি।
শকুনের নিরাপদ আবাস গড়তে দেশে দুটি শকুন নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে, সুন্দরবন তার অন্যতম। ২০১১ সালে প্রতিষ্ঠিত সেভ বাংলাদেশ, ভারত, নেপাল, পাকিস্তান, মিয়ানমার ও কম্বোডিয়ায় কাজ করে; এর আগে ২০১৪ ও ২০১৭ সালে বাংলাদেশে এবং ২০২৫ সালে কম্বোডিয়ায় বার্ষিক সভা হয়েছিল।
আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সারওয়ার আলম দিপু জানান, এবারই প্রথম সুন্দরবনে জাহাজে সভা হচ্ছে। ক্ষতিকর পশুওষুধ নিয়ন্ত্রণ, নিরাপদ খাবার সরবরাহ, চিকিৎসা, সংখ্যা পর্যবেক্ষণ, কৃত্রিম প্রজনন ও প্রকৃতিতে অবমুক্তি এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা আলোচনায় গুরুত্ব পাবে।
সূত্র: দেশ রূপান্তর

মন্তব্য
(০)