একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিন বর্জ্যে ড্রেনের মুখ বন্ধ হয়ে যাওয়ায় রাজশাহী মহানগরীতে জলাবদ্ধতা বাড়ছে। সামান্য ঝড়বৃষ্টিতেই বিভিন্ন মহল্লা ও সড়কে পানি আটকে যাচ্ছে, তাতে দুর্ভোগে পড়ছেন নগরবাসী।
নগরীর সড়ক ও ফুটপাত ঘুরে দেখা গেছে, কোথাও রাস্তার পাশে জমে আছে গৃহস্থালির বর্জ্য, কোথাও ড্রেনের মুখে আটকে আছে পলিথিন ও প্লাস্টিকের প্যাকেট। ডাস্টবিন থাকার পরও অনেকে নির্ধারিত জায়গায় না ফেলে রাস্তার পাশে বা নর্দমায় বর্জ্য ফেলছেন। পরে বৃষ্টির পানিতে সেই বর্জ্য গিয়ে জমছে ড্রেনে।
প্লাস্টিক ও পলিথিন সহজে পচে না। পানির সঙ্গে ভেসে গিয়ে এগুলো ড্রেনের সরু মুখ, সংযোগস্থল ও পানি নিষ্কাশনের পথে আটকে থাকে, ফলে পানির প্রবাহ বাধা পায়। দীর্ঘদিন জমে থাকা বর্জ্য থেকে দুর্গন্ধ ও জীবাণু ছড়ানোর ঝুঁকিও তৈরি হয়। ড্রেন পরিষ্কারের সময় পরিচ্ছন্নতাকর্মীদের ঝুঁকি নিয়ে এসব স্তূপ সরাতে হচ্ছে।
নগরীর বর্ণালী এলাকার গৃহিণী নাহার বলেন, মোটামুটি ভালো বৃষ্টি হলেই তাঁদের এলাকা ডুবে যায়, বাড়িতে পানি ঢুকে জিনিসপত্র নষ্ট হয়। তাঁর অভিযোগ, অনেকে বাসার ময়লা এনে ড্রেনে ফেলেন, কেউ কেউ বারান্দা থেকেই ছুড়ে দেন।
রাজশাহী সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী কামাল জানান, মানুষ বাড়ির ময়লা, এমনকি বেঁচে যাওয়া ভাত-তরকারিও ড্রেনে ফেলে দেন, আর সেগুলো তাঁদের হাত দিয়ে তুলতে হয়। উপশহরের বাসিন্দা মাহবুব হোসেন বলেন, কেউ কেউ ড্রেনের অংশ ভেঙে তার ভেতরে ময়লা ফেলছেন। যাঁরা ড্রেনে বোতল বা পলিথিন ফেলবেন, তাঁদের জরিমানার আওতায় আনার দাবি তাঁর।
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন বলেন, প্রতিদিনই ড্রেন পরিষ্কার করা হয় এবং তা সরাসরি তদারক করেন সিটি করপোরেশনের প্রশাসক। তবে নগরবাসীকে আগে সচেতন হতে হবে, প্লাস্টিক বোতল ও পলিথিনসহ আবর্জনা ড্রেনে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।
সূত্র: কৃষি সময়




মন্তব্য
(০)