একসময় নারিকেলের ছোবা ফেলে দেওয়া হতো। সেই ছোবাই এখন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দারগঞ্জ বাজার এলাকার অন্তত ৮ থেকে ১০টি পরিবারের জীবিকা। সরকারি সহায়তা ছাড়া ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা এই শ্রমনির্ভর ক্ষুদ্র শিল্পে কাজ পাচ্ছেন নারী-পুরুষ শ্রমিকেরা।
দেশের বিভিন্ন জেলা থেকে আনা নারিকেলের ছোবা ছাড়িয়ে মেশিনে মাড়াই করা হয়। পরে রোদে শুকিয়ে ২০ ও ৫০ কেজির বেল্ট বানিয়ে পাঠানো হয় দেশের নানা জায়গায়। এই ছোবা দিয়ে জাজিম, সোফা ও চেয়ারের গদি তৈরি হয়।
শ্রমিক আবুল কালাম প্রায় ১৮ বছর ধরে এই কাজ করছেন, ছোবা ছাড়ানো ও প্রক্রিয়াজাত করেই চলে তাঁর সংসার। নারী শ্রমিক নাজমা বেগম জানান, সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কাজ করে দিনে ৩৫০ টাকা মজুরি পান।
হায়দারগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ নুর ইসলাম প্রায় ১৯ বছর ধরে এই ব্যবসায় আছেন, তাঁর প্রতিষ্ঠানে নিয়মিত সাত-আটজন শ্রমিক কাজ করেন। তিনি বলেন, ‘সরকারি সহায়তা ও সহজ শর্তে ঋণ পেলে ব্যবসা আরও সম্প্রসারণ করা সম্ভব।’
আমির ট্রেডার্সের মালিক আমির হোসেন জানান, ছাদবাগান ও চারা উৎপাদনে কোকোপিটের ব্যবহার বাড়ছে। সরকারি প্রশিক্ষণ আর বিদেশে পণ্য পাঠানোর সুযোগ পেলে এ খাতে আরও লাভ সম্ভব বলে মনে করেন তিনি।
স্থানীয় উদ্যোক্তাদের মতে, আধুনিক যন্ত্রপাতি, কারিগরি প্রশিক্ষণ, সহজ ঋণ ও বাজারজাতকরণে সহায়তা পেলে এই শিল্পে আরও মানুষের কর্মসংস্থান হতে পারে এবং পণ্যের মান ও বাজার দুটোই বাড়বে।
ছবি: Bricaniwi / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 4.0)
সূত্র: দৈনিক বাংলা





মন্তব্য
(০)