আনারস দিয়েও দারুণ চাটনি হয়। যাঁরা প্রথমবার বানাতে চান, তাঁদের জন্য আজকের পত্রিকায় রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
উপকরণ: মাঝারি আকারের আনারস একটি, চিনি এক কাপ, সরিষার তেল এক টেবিল চামচ, শুকনা মরিচ দুই-তিনটি, সরিষার দানা সামান্য, লবণ স্বাদমতো, হলুদের গুঁড়া সামান্য আর লেবুর রস এক চা-চামচ।
আনারসের খোসা ফেলে কুচি করে কেটে নিন। কড়াইয়ে আনারসকুচি, এক চিমটি লবণ, হলুদের গুঁড়া ও সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে রাঁধুন, যাতে আনারস ভালোভাবে সেদ্ধ হয়।
আনারস নরম হলে চিনি দিন। চিনি গলে পানি ছাড়বে; মাঝারি আঁচে ফুটিয়ে ঝোল ঘন করুন।
আরেকটি কড়াইয়ে সরিষার তেল গরম করে শুকনা মরিচ আর সরিষার দানা ফোড়ন দিন। সরিষা ফাটতে শুরু করলে তেলটা ফুটন্ত চাটনির ওপর ঢেলে দিন, এতে চাটনির গন্ধ খুব ভালো হয়।
চাটনি ঘন হয়ে চকচকে আঠালো দেখালে লেবুর রস ছড়িয়ে মিশিয়ে চুলা বন্ধ করুন। ঠান্ডা করে পরিবেশন করুন।
ছবি: ঢাকায় আনারস বিক্রেতা, Steve Evans / উইকিমিডিয়া কমন্স (CC BY 2.0)
সূত্র: আজকের পত্রিকা




মন্তব্য
(০)