কানাডার অন্টারিও প্রাদেশিক সরকার নর্দার্ন অন্টারিও হেরিটেজ ফান্ড করপোরেশনের (এনওএইচএফসি) মাধ্যমে উত্তর অন্টারিওর ১৪টি কৃষি প্রকল্পে ৬১ লাখ ডলারের বেশি বিনিয়োগ করছে, জানিয়েছে ফার্মস ডটকম। লক্ষ্য চাষের মৌসুম লম্বা করা, ফলন বাড়ানো এবং আরও জমি উৎপাদনে আনা।
বড় প্রকল্পগুলোর কয়েকটি মাটির নিচে পাইপ বসিয়ে বাড়তি পানি সরানোর (টাইল ড্রেনেজ), যা জমিকে বেশি উৎপাদনশীল করে। নর্থইস্ট কমিউনিটি নেটওয়ার্ক মুশকেগোয়াক-জেমস বে জেলায় প্রায় ৩,৫০০ একরে এ কাজের জন্য মোট ১৯ লাখ ৫০ হাজার ডলার পেয়েছে। নর্দার্ন অন্টারিও ফার্ম ইনোভেশন অ্যালায়েন্স টিমিসকামিং-কোক্রেন অঞ্চলে ১,৮০০ একরের বেশি জমির জন্য পাচ্ছে ১০ লাখ ডলার, যাতে ফলন বাড়ে ও ফসলচক্রে বৈচিত্র্য আসে; আর এরিয়া ওয়ান ফার্মস ক্লে বেল্ট অঞ্চলে ১,৭০০ একরের বেশি জমিতে ৮ লাখ ৬০ হাজার ডলার খরচ করে আরও জমি চাষযোগ্য করবে।
উত্তরাঞ্চলীয় অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী জর্জ পিরি বলেন, উত্তর অন্টারিওর কৃষি-খাদ্য খাত গ্রামীণ জনপদ ও আঞ্চলিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। কৃষিমন্ত্রী স্যাম উস্টারহফ বলেন, এই অর্থে উত্তরের খামার ও খাদ্য প্রতিষ্ঠানগুলো নতুন স্থাপনা খুলতে, সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে পারবে এবং অন্টারিওতে উৎপাদিত তাজা খাবারের সরবরাহ বাড়বে।
নর্থইস্ট কমিউনিটি নেটওয়ার্কের চেয়ার ডেভন প্রেভোস্ট বলেন, নিষ্কাশনে এই বিনিয়োগ উত্তর অন্টারিওর কৃষির ভবিষ্যতের প্রতি আস্থার প্রকাশ, যা কৃষকদের জমির দীর্ঘমেয়াদি উন্নয়ন ও সম্প্রসারণে সাহায্য করছে।
ছবি: Lynn Betts, USDA NRCS / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: Farms.com





মন্তব্য
(০)