৩০ অক্টোবরের শরৎকালীন বাজেটে খাদ্য নিরাপত্তাকে কেন্দ্রীয় অগ্রাধিকার দিতে যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছে দেশটির কৃষক সংগঠন ন্যাশনাল ফার্মার্স ইউনিয়ন (এনএফইউ)। সংগঠনটি সতর্ক করেছে, বাড়তি খরচ, রোগ, খরা ও বৈশ্বিক অস্থিরতায় খামারগুলো ঝুঁকিতে পড়েছে। খবরটি দিয়েছে ফার্মার্স উইকলি।
এনএফইউ সভাপতি টম ব্র্যাডশ বলেন, সরকার মেনে নিয়েছে খাদ্য নিরাপত্তাই জাতীয় নিরাপত্তা, এখন দরকার সেটার পক্ষে অর্থনৈতিক নীতি ও বিনিয়োগ। তিনি উৎপাদন খরচ বৃদ্ধি, ৫০ বছরের সবচেয়ে খারাপ খরা এবং ইতিহাসের সবচেয়ে বড় ব্লুটাং প্রাদুর্ভাবের কথা তুলে ধরেন; তাঁর ভাষায়, কোনো খাত রেহাই পায়নি, আস্থা কম, বিনিয়োগও কমেছে।
রাজস্ব দপ্তরে জমা দেওয়া প্রস্তাবে পাঁচটি দাবি: উৎপাদনশীলতা ও পানি ব্যবস্থাপনায় বিনিয়োগের জন্য বার্ষিক বিনিয়োগ ভাতা অন্তত ৫০ লাখ পাউন্ডে উন্নীত করা; গ্রীষ্মের সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য সাময়িক সুদমুক্ত 'কিপ ব্রিটেন গ্রোয়িং লোন'; আসন্ন কার্বন সীমান্ত সমন্বয় ব্যবস্থা যেন বিশেষত সারের বাড়তি খরচের মাধ্যমে আমদানিকে বাড়তি সুবিধা না দেয়; কৃষি ও ব্যবসায়িক সম্পত্তির উত্তরাধিকার কর ছাড়ের পরিবর্তন প্রত্যাহার; এবং কম-কার্বন প্রযুক্তিতে বাড়তি মূলধন ভাতা।
এনএফইউর হিসাবে যুক্তরাজ্যের ২ কোটি ৯০ লাখ পরিবার নিরাপদ ও সাশ্রয়ী খাদ্যের ওপর নির্ভরশীল, আর দেশের সবচেয়ে বড় উৎপাদন খাত খাদ্য ও পানীয় শিল্পের মূল্য ১৬ হাজার ২৩০ কোটি পাউন্ড, যা ৪১ লাখ কর্মসংস্থান জোগায়।
ফার্মার্স ইউনিয়ন অব ওয়েলসও প্লাইড কামরির সংসদ সদস্য অ্যান ডেভিসের সঙ্গে বৈঠকে প্রজন্মান্তরে হস্তান্তরিত খামার সম্পদে পূর্ণ উত্তরাধিকার কর ছাড়, নতুন ও তরুণ কৃষকদের দীর্ঘ মেয়াদে জমি ইজারা দেওয়া মালিকদের কর প্রণোদনা এবং ব্লুটাং, দাবানল ও পশুখাদ্য সংকটের মতো দুর্যোগে যুক্তরাজ্যব্যাপী জরুরি তহবিলের দাবি জানিয়েছে।
ছবি: Roger Jones / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)
সূত্র: Farmers Weekly





মন্তব্য
(০)