বিশ্ববাজারে জনপ্রিয় এমডি-২ আনারসের চারা এখন তৈরি হচ্ছে আমাদের নিজেদের টিস্যুকালচার ল্যাবেই। কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাধীন টিস্যুকালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে আমরা সফলভাবে এমডি-২ আনারসের টিস্যুকালচার প্রযুক্তি উদ্ভাবন ও চারা উৎপাদন কার্যক্রম এগিয়ে নিচ্ছি।
একসময় এই উন্নত জাতের আনারসের মাতৃচারা বিদেশ থেকে আমদানি করতে হতো। এখন আমাদের নিজস্ব ল্যাবে টিস্যুকালচার প্রযুক্তির মাধ্যমে বিপুলসংখ্যক রোগমুক্ত, সমগুণসম্পন্ন ও উন্নতমানের চারা উৎপাদন করা সম্ভব হচ্ছে। ফলে ভবিষ্যতে চারা আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদনের মাধ্যমেই কৃষকের চাহিদা পূরণের সুযোগ তৈরি হয়েছে।
এমডি-২ আনারসের আকর্ষণীয় সোনালি রং, উচ্চ মিষ্টতা, কম অম্লতা, অগভীর চোখ এবং উন্নত স্বাদ একে বিশ্ববাজারে জনপ্রিয় করে তুলেছে। বাংলাদেশে এই জাতের বাণিজ্যিক চাষ সম্প্রসারিত হলে কৃষক অধিক লাভের সুযোগ পাবেন, নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হবে এবং দেশের আনারস রপ্তানির সম্ভাবনাও বাড়বে।





মন্তব্য
(০)