কোরবানির ও পশুহাটের বর্জ্য অপসারণে নানা উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এই কার্যক্রমের অংশ হিসেবে আজ (শনিবার) রাত ১১টা হতে পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এছাড়া রোববার দুপুর ২টা হতে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এ কাজে ডিএসসিসির নয় হাজার ৫০ জন শ্রমিক নিয়োজিত থাকবেন।
শনিবার (৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্জ্য অপসারণে নগর ভবনে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। কোরবানির পশুর হাটের বর্জ্য ও কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সচিত্র সমন্বয় ও কেন্দ্রীয়ভাবে তদারকিতে এই নিয়ন্ত্রণ কক্ষ তিন সেশনে সার্বক্ষণিক সচল থাকবে। এতে করপোরেশনের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিন তদারকির লক্ষ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে করপোরেশনের দশটি অঞ্চলের জন্য দশটি টিম গঠন করা হয়েছে। রোববার দুপুর ২টা হতে সেসব টিম কাজ শুরু করবে।
বর্জ্য অপসারণে এক লাখ ২০ হাজার পচনশীল ব্যাগ সরবরাহ করা হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তি বলা হয়, বর্জ্য থেকে যাতে জীবাণু না ছড়ায় এ জন্য ২৮ টন ব্লিচিং পাউডার ও ২০৫ গ্যালন স্যাভলন সরবরাহ করা হয়েছে। এছাড়াও প্রয়োজন হলে সরবরাহের জন্য ২৬ টন ব্লিচিং পাউডার ও ১০৮ গ্যালন স্যাভলন নগর ভবনে মজুত রাখা হয়েছে। বর্জ্য অপসারণ কার্যক্রমে ১৩ ধরনের সর্বমোট ৩৫৩টি গাড়ি অংশ নেবে।
এমএমএ/কেএসআর/এএসএম





মন্তব্য
(০)