খুলনাকে সবুজ নগরী করতে প্রধান সড়কের দুই পাশে গাছ লাগিয়ে জালের বেষ্টনী দিয়েছিল খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। তবু রক্ষা হয়নি; প্রায় ২০০টি চারা খেয়ে ফেলেছে গরু। বারবার নিষেধের পরও কাজ না হওয়ায় গরুর মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে কেসিসি।
ঘটনাটি দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের মুজগুন্নী মহাসড়কের। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কেসিসির ৬ নম্বর ওয়ার্ড সচিব শেখ মো. জুলফিকার আলী দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দেন। অভিযুক্ত পাবলা দক্ষিণপাড়ার শেখ মো. ইব্রাহিমের পাঁচটি গরু আছে।
কেসিসির কর্মকর্তারা জানান, সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় নগরীতে ৫০ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে, এর মধ্যে প্রায় ২৩ হাজার ৫০০টি লাগানো হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে নতুন রাস্তা থেকে বিজিবি ৩ নম্বর গেট পর্যন্ত ফলজ, বনজ, ভেষজ ও সৌন্দর্যবর্ধনকারী গাছ লাগানো হয়েছিল, যেগুলো বেশ সতেজ হয়ে উঠছিল।
জুলফিকার আলী বলেন, ইব্রাহিমের গরুগুলো প্রতিদিন এসে কচিপাতা খেয়ে যায়; মালিককে বারবার সতর্ক করা হলেও তিনি গরু ছেড়ে রাখেন, তাই বাধ্য হয়ে অভিযোগ করা হয়েছে। কেসিসির এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন বলেন, নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় এসব গাছ লাগানো হয়েছে, আর প্রশাসক বলেছেন সরকারি গাছ নষ্ট করলে বা জায়গা দখল করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
দৌলতপুর থানার ওসি মুরাদুল ইসলাম জানান, সিটি করপোরেশনের লিখিত অভিযোগ পেয়ে গরুর মালিককে সতর্ক করা হয়েছে।
ছবি: Khaleq / উইকিমিডিয়া কমন্স (পাবলিক ডোমেইন)
সূত্র: সমকাল



মন্তব্য
(০)