স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যায়ক্রমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে তোলা এবং আগামী কয়েক বছরে সরকারি স্বাস্থ্যব্যবস্থায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের প্রতিশ্রুতি আবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রোববার (১১ অক্টোবর) জার্মানির বার্লিনে "মিডওয়াইফারি ত্বরান্বিতকরণ ও স্বাস্থ্যনিরাপত্তায় দক্ষিণ-দক্ষিণ অংশীদারত্ব: সংকট থেকে সহনশীলতার পথে" শীর্ষক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, মা ও নবজাতকের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও জীবনরক্ষাকারী সেবায় মিডওয়াইফদের ভূমিকা গুরুত্বপূর্ণ। গর্ভকালীন সেবা, নিরাপদ প্রসব, জরুরি রেফারেল আর প্রসব-পরবর্তী সেবার মান তাঁদের হাত ধরেই বাড়ে। সরকার মিডওয়াইফদের পেছনে খরচকে ব্যয় নয়, মাতৃ ও নবজাতক মৃত্যু কমানোর এবং সামগ্রিক স্বাস্থ্য ব্যয় কমানোর বিনিয়োগ হিসেবে দেখে বলে জানান তিনি।
মিডওয়াইফারি শিক্ষার মান বাড়াতে দেশের ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো আধুনিক করা হচ্ছে বলে জানান মন্ত্রী। হাতে-কলমে প্রশিক্ষণ, সিমুলেশনভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর পাঠদান চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।
স্বাস্থ্যকর্মীর সংকট মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ নেপাল ও পাকিস্তানের সঙ্গে জ্ঞান ও শিক্ষক বিনিময় এবং যৌথ প্রশিক্ষণ জোরদার করছে। মাতৃস্বাস্থ্য ও প্রজননস্বাস্থ্য সেবা সম্প্রসারণে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) অবদানের প্রশংসা করেন তিনি।
জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ এবং কক্সবাজারে রোহিঙ্গাদের মানবিক সহায়তায় মিডওয়াইফদের ভূমিকার কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী। সংকটের সময়েও মাতৃস্বাস্থ্যসেবা চালু রাখতে তাঁরা সামনের সারিতে কাজ করছেন, আর তাঁদের দক্ষতা বাড়াতে বিনিয়োগ চালিয়ে যেতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি।
ছবি: Conor Ashleigh for AusAID (Department of Foreign Affairs and Trade) / উইকিমিডিয়া কমন্স (CC BY 4.0)
সূত্র: বাংলাদেশ টাইমস





মন্তব্য
(০)